যমুনা ফিউচার পার্ক ভাঙতে এবার সমন্বিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জোয়ার সাহারার কুড়িল এলাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার বিষয়ে আইনগত কোনো বাধা না থাকলেও চলতি সপ্তাহে ভাঙার কাজে হাত দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর আগে র্যাংগস ভবন ভাঙার সময় দুর্ঘটনায় ১৯ শ্রমিক নিহত হয়েছিলেন। সে ধরনের দুর্ঘটনা এড়াতে রাজউক এবার ‘ধীরে চলো নীতি’ গ্রহণ করেছে। এ জন্যই সমন্বিত উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে।রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ উচ্ছেদ অভিযানে হাত দেওয়ার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া সমন্বিত উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের মাধ্যমে এই আবেদন আন্তমন্ত্রণালয়ভিত্তিক সিদ্ধান্তের জন্য পাঠানো হবে বলে জানা যায়।উচ্ছেদ অভিযান কোন পদ্ধতিতে শুরু করা যায়, সাধারণ শ্রমিকের পরিবর্তে বিশেষ তদারকির মাধ্যমে দক্ষ শ্রমিকের সাহায্য নেওয়া যায় কি না, এসব বিষয়ে পরামর্শ চেয়ে সেনাবাহিনী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।এ ছাড়া অভিযানকালে যাতে বিদ্যুত্জনিত কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), গ্যাসজনিত দুর্ঘটনা এড়াতে তিতাস গ্যাস কোম্পানি এবং পানি ও পয়োনালা সরিয়ে নিতে ঢাকা ওয়াসার সহায়তা নেওয়ার বিষয় নিয়েও আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, যেহেতু আইনগত আর কোনো বাধা নেই, তাই যেকোনো দিন যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙা হবে। দুর্ঘটনা এড়িয়ে সুষ্ঠুভাবে অভিযান পরিচালনা ও সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য একটি দল গঠনে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, তার আগে নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা রাজউকের অনুমোদনহীন বা নকশাবহির্ভূত ভবনের অংশ ভাঙার কাজও করছে রাজউকের অভিযানকারী দল।তবে রাজউকের সংশ্লিষ্ট বিভাগ ও পূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে যমুনা ফিউচার পার্কের বিরুদ্ধে অভিযান পরিচালিত হতে পারে।প্রসঙ্গত, কুড়িলে ১২০ বিঘা জমির ওপর যমুনা ফিউচার পার্ক গড়ে ওঠে। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্প্রতি যমুনা বিল্ডার্স (প্রা.) লিমিটেডকে তিনটি বেজমেন্টসহ ছয়তলা ইমারত নির্মাণের অনুমোদন দেওয়া হয়। কিন্তু যমুনা বিল্ডার্স বাস্তবে ছয়তলার ওপরে দুই হাজার ৪৭০ দশমিক ৩০ বর্গমিটার এলাকাজুড়ে আরও দুটি অনুমোদনহীন টাওয়ার নির্মাণ করে।যমুনা বিল্ডার্সের আপিল আবেদন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ১১ ফেব্রুয়ারি খারিজ করে দেন। ফলে যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে আইনগত বাধা দূর হয়।এর আগে ৪ ফেব্রুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্কের ওপরের তলাগুলোর কাচের দেয়াল ভাঙার কাজ শুরু করে।