যমুনা ফিউচার পার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেশবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা বিল্ডার্স (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেছেন, এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা যমুনা ফিউচার পার্ক। এটা বাংলাদেশের গর্ব, অহংকার। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও দেশবাসীর। তিনি বলেন, ‘এ ভবন ভাঙলে আমি হয়তো কিছুই করতে পারব না। আমি দেশের জনগণের ওপর, আল্লাহর ওপর এর বিচারের ভার ছেড়ে দিলাম। জনগণ বিচার করবে। আল্লাহর বিচার হয়তো পরে হবে।’গতকাল বুধবার বিকেলে রাজধানীর কুড়িলে যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তে নবম তলায় যমুনা গ্রুপের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, সংবাদ সম্মেলনটি করা হচ্ছে ভবনের অননুমোদিত অংশে। এখানে তা করার কারণ সাংবাদিকদের সরাসরি এ অংশটুকু দেখানো। কারণ, বিভ্রান্তি রয়েছে যে পুরো ফিউচার পার্কের ষষ্ঠ তলার ওপরে আরও অবৈধ চারটি তলা নির্মাণ করা হয়েছে। আসলে যে অংশের অনুমোদন নেই, সেটি মূল ভবনের মাত্র ৫ দশমিক ৩ শতাংশ। এ ভবন ভাঙার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, এ প্রশ্নে নুরুল ইসলাম বলেন, ‘আমি রাজউকের চিঠি পেয়েছি, এর পেছনে কেউ আছেন কি না, আমি জানি না। জানলে তো আমি জ্যোতিষীই হয়ে যেতাম।’ আজ আবার অভিযানের সিদ্ধান্ত: এদিকে রাজউক আজ বৃহস্পতিবার আবারও যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করতে পারে বলে জানা গেছে। রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, আন্তমন্ত্রণালয় ও বুয়েটের সাহায্যে সমন্বিত উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এর অবৈধ অংশ ভাঙার মূল কাজ শুরু হতে পারে। তার আগে মূল কাঠামোর বাইরের অবৈধ কিছু অংশ ভাঙা হবে। পাঁচ হাজার ভবনের তালিকা করেও না ভাঙার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, গতকাল বুধবারও মহাখালীতে অভিযান পরিচালিত হয়েছে। এর আগে খিলগাঁও, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে উচ্ছেদের কাজ হয়েছে এবং এটা অব্যাহত থাকবে।