যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশের ভাঙা আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িলে অবস্থিত যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ পুনরায় ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় দফায় ভবনটি ভাঙার কাজ শুরু হয়। রাজউক কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা এড়ানোর জন্য তাড়াহুড়ো করা হবে না। এ কারণে কবে ভবনটির ভাঙা শেষ হবে, তা বলতে পারেননি রাজউক কর্মকর্তারা।সকালে ভবনের অননুমোদিত অংশ ভাঙতে গেলে যমুনা কর্তৃপক্ষ আবদুল মতিন খসরুর সই করা একটি কাগজ দেখিয়ে জানায়, এই বিষয়ে আদালতে আপিল করা হয়েছে, শুনানি চলছে। তাই ভবনটি যেন ভাঙা না হয়। যমুনা বিল্ডার্সের পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ আলমগীর আলম সাংবাদিকদের বলেন, আদালতে শুনানি চলছে জানানোর পরও তা আমলে নেননি ম্যাজিস্ট্রেট।ছয়তলা আবাসিক-বাণিজ্যিক ভবনের ওপরে দক্ষিণ দিকে পাশাপাশি দুটি চারতলা ভবন রাজউকের অনুমোদন ছাড়াই তৈরি করেছিল যমুনা কর্তৃপক্ষ। এই অংশটুকুর আয়তন ২৪৭০ দশমিক ৩০ বর্গমিটার। গতকাল অবৈধ অংশ ভাঙার কাজ দশম তলায় সীমাবদ্ধ ছিল। প্রায় ৫০ জন শ্রমিক হাতুড়ি, শাবল ও গাইতি নিয়ে ভবনের ভেতরের দেয়াল ভেঙেছেন। ভবনের ভিত্তি (কলাম) ও ছাদ ভাঙা হয়নি। প্রথম দফা অভিযানে ভবনের বাইরের দেয়ালের কাচ ভাঙা হয়। রোকন-উদ-দৌলা সাংবাদিকদের বলেন, কোনো রকম দুর্ঘটনার ঝুঁকি নিতে চান না তাঁরা। সে জন্য ধীরে ধীরে ভাঙার কাজ চলছে। ভবন ভাঙার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে তিনি জানান। রাজউক সূত্র জানায়, ভবনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কংক্রিট দিয়ে তৈরি। তাই এর ভিত্তি কীভাবে ভাঙা হবে, সে বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনীর মতামত চাওয়া হয়েছে। বিশেষজ্ঞদের তদারকিতে মূল ভিত্তি ভাঙা হবে। সূত্র জানায়, ধীরগতিতে ভবন ভাঙার আরেকটি কারণ ষষ্ঠ তলা পর্যন্ত ক্ষয়ক্ষতি কমানো। কারণ, ষষ্ঠ তলা পর্যন্ত রাজউকের অনুমোদন রয়েছে। অননুমোদিত অংশটি দক্ষিণ দিকে বসুন্ধরা আবাসিক এলাকার রাস্তাসংলগ্ন। ভাঙার সময় পথচারীদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ওদিকে চট দিয়ে ঢেকে ভাঙার কাজ করা হয়। প্রথম দফা ভবন ভাঙার সময় ভবনের ভেতরে আসবাব ছিল। রাতে মালামাল সরিয়ে নেয় যমুনা কর্তৃপক্ষ। গতকাল ভবন ভাঙার সময় যমুনা ফিউচার পার্কের ওপরে ও মূল ফটকে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। আবারও যমুনার রিট খারিজ: যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে কর্তৃপক্ষের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও রাজউকের পক্ষে এ এফ এম মেজবাহউদ্দিন মামলা পরিচালনা করেন। যমুনার পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক। এ এফ এম মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, যমুনা কর্তৃপক্ষ রাজউকে আপিল করেছে। এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্কটির অননুমোদিত অংশ ভাঙার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে নতুন করে একটি রিট করা হয়। আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। জানা যায়, গত ১৩ জানুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে অননুমোদিত অংশ অপসারণের নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ দেয়। ১৮ জানুয়ারি চূড়ান্ত নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে পার্ক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করেন। এই রিট খারিজ করে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। পরদিন রাজউক যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ শুরু করে। ইতিমধ্যে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ রাজউকে ও আপিল বিভাগে আবেদন করে। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে যমুনার করা আবেদনটি খারিজ করে দেন ১১ ফেব্রুয়ারি। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি যমুনা কর্তৃপক্ষ হাইকোর্টে নতুন আরেকটি রিট করে।