যমুনা ব্যাংকের কর্মকর্তা গ্রেপ্তারের পর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের সঙ্গে প্রতারণা করে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের কুমিল্লা শাখার সাবেক ব্যবস্থাপক মোশারফ হোসেনকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মোশারফ হোসেনকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের উপপরিদর্শক (এসআই) বাদল বিশ্বাস।
গত বুধবার বেলা পৌনে তিনটার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। ওই অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা দুদকের উপপরিচালক আবুল কালাম আজাদ।
যমুনা ব্যাংক কুমিল্লা শাখার অন্তত তিনজন কর্মকর্তা জানান, ২০১৫ সালের ২৯ জানুয়ারি যমুনা ব্যাংক কুমিল্লা শাখায় যোগদান করেন মোশারফ হোসেন। যোগদানের পর তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা ধার নেওয়ার নামে খালি চেকে সই রাখেন। এরপর সাতজন গ্রাহকের হিসাব থেকে ৪০ লাখ টাকা তুলে নিয়ে গা-ঢাকা দেন। বিষয়টি জানার পর যমুনা ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে ওই কার্যালয় থেকে প্রত্যাহার করে নেয়।
এ ঘটনায় গত ২২ এপ্রিল যমুনা ব্যাংক কুমিল্লা শাখার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোশারফ হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ দুদকের সহযোগিতা কামনা করলে কমিশন এ নিয়ে তদন্তে নামে।