যমুনা ব্যাংকের সাবেক ডিএমডি গ্রেপ্তার
বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি মামলার আসামি যমুনা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও প্রাইম ব্যাংক মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনকে গতকাল সোমবার বেলা সোয়া তিনটায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
দুদকের অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের অর্থ জালিয়াতির ঘটনাকালে (২০১১ সালের জুন থেকে ২০১২ সালের জুলাই) মোজাম্মেল হোসেন যমুনা ব্যাংক মতিঝিল শাখার ব্যবস্থাপক ছিলেন। বিসমিল্লাহ গ্রুপকে ঋণ পাইয়ে দিতে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে।
প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারিতে মোট ৫৩ জনের বিরুদ্ধে গত নভেম্বর মাসে ১২টি মামলা দায়ের করে দুদক। ৫৩ জনের মধ্যে ৪০ জনই ব্যাংক কর্মকর্তা। বাকি ১৩ জন বিসমিল্লাহ গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা।
মামলার এজাহারে রয়েছে, মালামাল রপ্তানি না করেই জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। পরে টাকা বিদেশে পাচার করাসহ টাকার অবস্থান গোপন করা হয়।