যমুনা রিসোর্টের বিষয়ে স্থিতাবস্থা ১৭ মে পর্যন্ত
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে অবকাশ যাপন কেন্দ্র যমুনা রিসোর্টের বিষয়ে স্থিতাবস্থা ১৭ মে পর্যন্ত বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে সেতু কর্তৃপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেতু কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আবদুন নূর। যমুনা রিসোর্ট লিমিটেডের (জেআরএল) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। তাঁর সঙ্গে ছিলেন মারগুব কবির।
গত ২৩ এপ্রিল জেআরএলের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চুক্তি বাতিল-সংক্রান্ত নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে যমুনা রিসোর্টের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন। ২৬ এপ্রিল হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে সেতু কর্তৃপক্ষ।
আবদুন নূর প্রথম আলোকে বলেন, চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল আপিল বিভাগ স্থিতাবস্থা ১৭ মে পর্যন্ত বাড়িয়ে এর মধ্যে নিয়মিত আপিল করতে বলেছেন।
আইনজীবী সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলার প্রায় ১৫০ হেক্টর জমিতে আন্তর্জাতিক মানের অবকাশ যাপন কেন্দ্র গড়ে তুলতে ১৯৯৯ সালের ২১ নভেম্বর সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছর মেয়াদে জমি ও স্থাপনার ইজারা নেয় জেআরএল। চুক্তি অনুযায়ী সেতু কর্তৃপক্ষকে ভাড়ার টাকা পরিশোধ না করায় এবং সার্টিফিকেট অব স্যাটিসফেকশন (সিএস) স্বাক্ষর না করায় জেআরএল ও সেতু কর্তৃপক্ষের মধ্যে দ্বিমত হয়। সর্বশেষ সেতু কর্তৃপক্ষ জেআরএলের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং গত ১ এপ্রিল চুক্তি বাতিলের চিঠি পাঠায়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা জেলা জজ আদালতে আরবিট্রেশনের (মধ্যস্থতা) আবেদন করে জেআরএল। ২২ এপ্রিল বিচারিক আদালত ওই আবেদন খারিজ করেন।
আবেদন খারিজের পর সেতু কর্তৃপক্ষের অনুরোধে টাঙ্গাইল কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেআরএলের ইজারা নেওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি সিলগালা ও জব্দ তালিকা করে সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এরপর বিচারিক আদালতের আদেশ রিভিশন (পুনর্বিবেচনা) চেয়ে উচ্চ আদালতে যায় জেআরএল কর্তৃপক্ষ।
বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু যমুনা রিসোর্টের ইজারাদার ও একজন অংশীদার।