যমুনা সার কারখানা এলাকায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাস সরবরাহের আশ্বাসে গত বুধবার রাতে ১৮ দিন পর সার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।জেএফসিএল সূত্রে জানা গেছে, কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে গত ১৯ জুন ভোর থেকে তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন সার পরিবহন বন্ধ রেখে পরিবহন ধর্মঘটের ডাক দেয়।গত মঙ্গলবার দুপুরে কারখানার প্রশাসনিক ভবন মিলনায়তনে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেবের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি গাজিয়ার রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন প্রমুখ।আলোচনা শেষে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) কর্তৃপক্ষ কারখানায় গ্যাস সরবরাহের আশ্বাস দিলে সে খবর কারখানার ভারপ্রাপ্ত এমডি অচিন্ত্য কুমার দেব নাগরিক কমিটি ও ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন নেতাদের পৌঁছে দেন। পরে তাঁরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন।