যমুনা সার কারখানা থেকে উত্তরবঙ্গে ফের সার সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা থেকে সড়কপথে উত্তরবঙ্গের ১৬ জেলায় আবার সার সরবরাহ শুরু হয়েছে। ছয় দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার থেকে সার সরবরাহ শুরু হয়।
এলাকাবাসী ও যমুনা সার কারখানা সূত্রে জানা গেছে, ১৩ জুলাই উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকায় তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কে ভাঙন শুরু হয়। ওই দিনই এলাকাবাসী যমুনা নদীর ভাঙন প্রতিরোধ ও তারাকান্দি-ভূঞাপুর মহাসড়ক রক্ষার দাবিতে সড়কে কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ নিয়ে ১৪ জুলাই প্রথম আলোতে ‘যমুনা সার কারখানা থেকে ১৬ জেলায় সার পরিবহন বন্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
যমুনা নদীর পানি কমে যাওয়ায় ও রাধানগর এলাকায় ভাঙন কমে আসায় এলাকাবাসী গত বৃহস্পতিবার রাতে মহাসড়ক থেকে কাঠের গুঁড়ি সরিয়ে নেন। গতকাল ভোর থেকে কর্তৃপক্ষ যমুনা সার কারখানা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় ট্রাকে সার পরিবহন শুরু করে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইখলাছ উদ্দীন জানান, এলাকাবাসী তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে রাখায় সড়কপথে উত্তরবঙ্গের ১৬ জেলায় সার সরবরাহ বন্ধ ছিল। কাঠের গুঁড়ি সরিয়ে নেওয়ায় গতকাল ভোর থেকে আবার সার পরিবহন শুরু হয়েছে।