জামালপুরের যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন স্থগিত হয়ে গেছে। সংশ্লিষ্ট প্রধান নির্বাচন কমিশনার নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে গতকাল বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন।গতকাল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের দিনে সিবিএর কার্যালয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। নির্বাচন স্থগিত হওয়ায় মনোনয়নপত্র সংগ্রহের দিনে সিবিএর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক-সমর্থিত দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। দুই পক্ষই আওয়ামী লীগের সমর্থিত।সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে যমুনা সার কারখানার আবাসিক এলাকায় সিবিএ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। সংশ্লিষ্ট প্রধান নির্বাচন কমিশনার মো. গোলাম মোস্তফা তাঁর বাসায় প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি কেউ আমাকে নিশ্চিত করতে পারেনি। তাই অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে কারখানার ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করেছি।’ জানা গেছে, সিবিএর দুই বছর মেয়াদি ২০ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচন হয় গত বছরের ১৯ এপ্রিল। কিন্তু এক বছরের মধ্যেই সিবিএর সাধারণ সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন সিবিএর অন্যান্য সদস্য। একপর্যায়ে কার্যকরী পরিষদের ১৮ জন সদস্য সম্প্রতি পদত্যাগ করেন। সিবিএর সভাপতি শাহ আবদুস সামাদ ১৫ এপ্রিল সন্ধ্যায় সাধারণ সভা ডেকে কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এদিকে সিবিএর সভাপতি শাহ আবদুস সামাদ বলেন, ‘সিবিএর সাধারণ সম্পাদকের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার, অবৈধ চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ ওঠায় ২০ সদস্যের কার্যকরী পরিষদের ১৮ জন পদত্যাগ করেছেন। সেহেতু এই পরিষদের অস্তিত্ব নেই বললেই চলে। তাই সাধারণ সভা করে সব সদস্যের মতামত নিয়েই নির্বাচনী তফসিল ঘোষণা করেছি।’ সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বলেন, ‘সবাই ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপবাদ দিচ্ছে। তিনি আরও দাবি করেন, সভাপতি ও সাধারণ সম্পাদক আমরা দুজন তো পদত্যাগ করিনি। গঠনতন্ত্রের নীতিবহির্ভূতভাবে শুধু কমিটি থেকে আমাকে সরানোর জন্যই নির্বাচনী তফসিল ঘোষণা সম্পূর্ণরূপে অবৈধ।’কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব বলেন, ‘নিরাপত্তা বিঘ্নিত এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে—এই আশঙ্কা করে প্রধান নির্বাচন কমিশনার মো. গোলাম মোস্তফা আমাকে চিঠি দিয়ে নির্বাচন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করেছেন।’ নির্বাচন স্থগিত প্রসঙ্গে সাংসদ মুরাদ হাসান বলেন, ‘সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে খুব উত্তপ্ত পরিস্থিতি দেখেছি। আমিও চাই না এই নির্বাচনকে কেন্দ্র করে কারখানা এলাকায় অপ্রীতিকর বা অস্থিতিশীল ঘটনা ঘটুক। তাই স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করে নির্বাচন স্থগিত করায় আমি মনে করি ভালোই হয়েছে।’