যমুনা সার কারখানার শ্রমিকদের অনশন কর্মসূচির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা কারখানার সার পরিবহন বন্ধ থাকে। ফলে দুই ঘণ্টা শ্রমিক-কর্মচারীরা কাজে যোগদান না করে কর্মবিরতিও পালন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, জাতীয় মজুরি কমিশনের চেয়ারম্যান মো. মাহে আলম চৌধুরী প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়নের জন্য কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন। তিনি বক্তব্যে আরও বলেন, ‘আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না করা হলে আগামী কর্মসূচিতে অবরোধ, ঘেরাও, অনশন ও হরতালসহ কঠোর আন্দোলনের মাধ্যমে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হবে।’ সুপারিশ করা মজুরি কমিশনের সঙ্গে ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা মূল মজুরির সঙ্গে যোগ করতে হবে এবং ২০০৯ সালের জুলাই থেকে মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি ফারুক হোসেন, রাশেদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ। যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব বলেন, এ সময় দুই ঘণ্টা সার পরিবহন বন্ধ ছিল।