যমুনা সার কারখানায় আবার উৎপাদন শুরু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) টানা ১৭ দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার থেকে আবার উৎপাদন শুরু হয়েছে। জানা যায়, ১২ অক্টোবর ভোর থেকে গ্যাসের কম্প্রেশার কমে যাওয়ায় এবং ইউরিরা প্লান্টে রি-অ্যাক্টর লাইনার ছিদ্র হওয়ায় কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। রি-অ্যাক্টর লাইনার ছিদ্রটি মেরামত করার পর গতকাল ভোর থেকে আবার উৎপাদন শুরু হয়েছে।সূত্র আরও জানায়, কারখানায় গ্যাসের কম্প্রেশার ৮০০ পিএসআইজি থাকার কথা। কিন্তু নতুন করে উৎপাদন শুরু হলেও গ্যাসের কম্প্রেশার ২৩০-এ নেমে এসেছে। ফলে প্রতিদিন যেখানে এক হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হওয়ার কথা, সেখানে কারখানায় গ্যাস সরবরাহ সঠিকভাবে না পাওয়ায় তা ৪৫০ মেট্রিক টনে নেমে এসেছে। জেএফসিএল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসানুজ্জামান গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, গ্যাস কম্প্রেশার সঠিক পাওয়া না গেলে কারখানায় বড় ধরনের ক্ষতি হতে পারে।