যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত যমুনা সার কারখানায় দুই দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, কারখানার ইউরিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সার উৎপাদনে যেতে আরও দু-এক দিন লাগতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা ২০১৫-১৬ অর্থবছরে কারখানায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কারখানায় ৪ লাখ ৩ হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়েছে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, সমস্যা সমাধান করে দু-এক দিনের মধ্যে আবার সার উৎপাদন শুরু করা হবে।