যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় হাইপ্রেসার স্টিম লাইনের পাইপ ফেটে যাওয়ায় দুই দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।
যমুনা সার কারখানা সূত্রে জানা যায়, উপজেলার পেগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ হাইপ্রেসার স্টিম লাইনের পাইপ ফেটে যায়। এ কারণে কারখানার তিনটি প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) মাহবুবা সুলতানা প্রথম আলোকে বলেন, হাইপ্রেসার স্টিম লাইনের পাইপ মেরামত করে সার উৎপাদনে যেতে ছয়-সাত দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৬-২০১৭ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডকে (জেএফসিএল) চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত কারখানায় ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়েছে।