যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শনিবার বেলা তিনটা থেকে যমুনা সার কারখানায় ১৫ দিনের জন্য উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানার ইউটিলিটি প্ল্যান্টের বয়লারের ছিদ্র ও অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফরমার টিউব মেরামতের জন্য এ ঘোষণা দেওয়া হয়।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানাকে চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। গতকাল বেলা তিনটা পর্যন্ত কারখানায় দুই লাখ মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত করে ১৫ দিন পর উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে।
অ্যামোনিয়া প্ল্যান্টের অতিরিক্ত রসায়নবিদ এ কে এম আনোয়ারুল হক বলেন, অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফরমার টিউব মেরামতের জন্য গতকাল বিকেল থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
কারখানার ইউটিলিটি প্ল্যান্টের অতিরিক্ত প্রধান রসায়নবিদ বিনান্ত কুমার বৈরাগী বলেন, ইউটিলিটি প্ল্যান্টের বয়লারের ছিদ্র মেরামত করে উৎপাদনে যেতে ১৫ দিন লাগবে।