যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের সার উৎপাদন আগামী ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা তিনটা থেকে কারখানায় কারিগরি ত্রুটির জন্য উৎপাদন বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ইউটিলিটি প্ল্যান্টের বয়লারের ছিদ্র ও অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফরমার টিউব মেরামতের জন্য কারখানায় ১৫ দিন সার উৎপাদন বন্ধ থাকবে।
২০১৬-১৭ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডকে (জেএফসিএল) চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়।
শনিবার বেলা তিনটা পর্যন্ত কারখানায় দুই লাখ মেট্রিক টন সার উৎপাদিত হয়েছে।
কারখানার ইউটিলিটি প্ল্যান্টের অতিরিক্ত প্রধান রসায়নবিদ বিনান্ত কুমার বৈরাগী বলেন, ইউটিলিটি প্ল্যান্টের বয়লারের ছিদ্র মেরামত করে উৎপাদনে যেতে ১৫ দিন সময় লাগবে।