যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় টানা ১১ দিন সার উৎপাদন হওয়ার পর গতকাল মঙ্গলবার ফের অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ হয়ে গেছে।যমুনা সার কারখানা সূত্রে জানা যায়, গ্যাস সরবরাহ না থাকায় গতকাল মঙ্গলবার ভোর থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।গত ২৯ অক্টোবর যমুনা সার কারখানায় সার উৎপাদন শুরু হয়। সূত্রে আরও জানা যায়, ২০১০-১১ অর্থবছরে এই কারখানার নিয়ন্ত্রক সংস্থা বিসিআইসি মোট চার লাখ ৮০ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। গ্যাস-সংকটের কারণে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানা যায়। যমুনা সার কারখানা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসানুজ্জামান গতকাল প্রথম আলোকে জানান, গ্যাস সংকটের কারণে কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান, ১১ দিন উৎপাদন চালু থাকলেও গ্যাসের চাপ না থাকায় প্রতিদিন গড়ে তিন-চার ঘণ্টা উৎপাদন হয়নি।