যমুনা সার কারখানায় বিকট শব্দ, দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) অ্যামোনিয়া হাইপ্রেশার পাম্পে বিকট শব্দ হয়েছে। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কারখানার দুজন কর্মচারী আহত হন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। কারখানায় বিকট শব্দের পর গ্যাস ছড়িয়ে পড়ে বলে কর্মচারী ও আশপাশের লোকজন জানান।

এই ঘটনায় আহত হয়ে কারখানার হাসপাতালে চিকিৎসা নেন মেহেদি হাসান ও শাহজাদা নামের দুই কর্মচারী।

হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, একজনের মুখে গ্যাস লেগেছে। আরেকজন পায়ে ব্যথা পেয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অ্যামোনিয়া হাইপ্রেশার পাম্পে ত্রুটি দেখা দেওয়ায় বিকট শব্দ হয়। গ্যাস বের হয়। উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে বিকেলের মধ্যে উৎপাদনে যাওয়া যাবে।

কারখানার শ্রমিক রবিউল ইসলাম বলেন, হঠাৎ শব্দ হয়। চোখে-মুখে গ্যাস লাগে। সবাই ভয় পেয়ে যান।

শাহজাহান আলী নামের আরেক কর্মচারী বলেন, বিকট শব্দের পর যে যেভাবে পারেন, দৌড়ে কারখানা থেকে বেরিয়ে যান।

কারখানার আশপাশের লোকজনও বিকট শব্দ শুনতে পান। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালু মিয়া নামের স্থানীয় এক ব্যবসায়ীর ভাষ্য, প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। কারখানার বাইরে গ্যাসের অস্তিত্ব অনুভব করেছেন তিনি।