জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গত সোমবার এ বিক্ষোভ কর্মসূচি শুরু করে যমুনা সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।ইউনিয়ন সূত্র জানায়, কারখানার শ্রমিক ও কর্মচারীরা গতকাল মঙ্গলবার সকালে কারখানা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাঁরা কারখানার প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এক সমাবেশে মিলিত হন। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শহিদুর রহমান, খলিলুর রহমান, মোখলেছুর রহমান, আবদুল মালেক, মোর্শেদ আলম, বেলাল হোসেন প্রমুখ।বক্তারা অবিলম্বে কারখানার শ্রমিক-কর্মচারীদের সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়ন এবং মূল মজুরির সঙ্গে ২০ শতাংশ মহার্ঘ-ভাতা দেওয়ার দাবি জানান। সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তাঁরা ঘোষণা দিয়েছেন।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, শ্রমিক ও কর্মচারীদের মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।