যমুনা সার কারখানায় সার উৎপাদন শুরু
জামালপুরের সরিষাবাড়ীতে ৩৮ দিন পর আজ মঙ্গলবার যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাবেদ আনোয়ার আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশে ৩৮ দিন বন্ধ থাকার পর কারখানায় সার উৎপাদন শুরু করা হয়েছে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় গত ২৬ মে রাত সাড়ে আটটায় রমজান উপলক্ষে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সচল রাখার জন্য তিতাস গ্যাস কোম্পানি কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পরে তিতাস গ্যাস কোম্পানির নির্দেশ পেয়ে কারখানার কর্তৃপক্ষ ইউরিয়া প্ল্যান্ট বন্ধ করে দেন।
২০১৫-২০১৬ অর্থবছরে কারখানায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৫০ হাজার টন। উৎপাদিত হয়েছিল ৪ লাখ ৫৭ হাজার ৭০২ টন।
২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানাকে গত ৩০ জুনের মধ্যে ৩ লাখ ৮০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। কারখানায় গত ২৬ মে পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ১১৯ টন সার উৎপাদিত হয়েছে। বর্তমানে কারখানায় ৪৫ হাজার টন সার মজুত রয়েছে।