যমুনা সার কারখানায় সাড়ে চার মাস উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের সরবরাহ না থাকায় জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় টানা ১৩৩ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এতে কারখানার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। কর্মকর্তাদের অভিমত, এ কারণে দেশে সার-সংকটের আশঙ্কা দেখা দিতে পারে।যমুনা সার কারখানা সূত্রে জানা গেছে, গত ইরি-বোরো মৌসুমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার স্বার্থে সরকারি নির্দেশে গত ২৬ মার্চ যমুনা সার কারখানায় গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, যে কারণে কারখানায় প্রতিদিন উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭০০ মেট্রিক টন। একটানা ১৩৩ দিন উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। কারখানা সূত্রে আরও জানা গেছে, গত জুলাই মাসে জাপান থেকে আমদানি করা ১০৪ কোটি টাকা ব্যয়ে কারখানায় ইউরিয়া স্ট্রিপার প্রতিস্থাপন করা হলেও গ্যাসের সরবরাহ না থাকায় তা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে ১০৪ কোটি টাকায় কেনা স্ট্রিপারটিও ক্ষতির মধ্যে পড়ছে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক (বাণিজ্যিক) বকুল চন্দ্র সাহা জানান, কারখানার গুদামে বর্তমানে প্রায় ১০ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে। তিনি আরও জানান, এই মাসে ডিলারদের মধ্যে বিতরণ শেষে মাত্র এক হাজার মেট্রিক টন সার মজুদ থাকবে। তাই আগামী রবি মৌসুমে সার-সংকটের আশঙ্কা দিতে পারে।ব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবিবুর রহমান জানান, কবে নাগাদ কারখানায় গ্যাসের সরবরাহ চালু হবে, তা অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি আরও জানান, এই মাসের মধ্যে গ্যাসের সরবরাহ চালু না হলে বাংলাদেশে সারের সংকট দেখা দিতে পারে। যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব জানান, দীর্ঘদিন গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় কারখানার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।