যমুনায় বালুবোঝাই নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের যমুনা নদীতে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বালুবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দুই বালুশ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকেরা হলেন লিটন মিয়া (২৫) ও সোহেল রানা (২৯)।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জে যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিং ও ক্রসবার বাঁধ নির্মাণ প্রকল্প চলছে। এর আওতায় পৌর এলাকার মোল্লাবাড়ি ৩ নম্বর ক্রসবার থেকে নৌকায় করে বালু নিয়ে শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্টে ফেলা হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ১৮ জন শ্রমিকসহ বালুবোঝাই নৌকাটি হার্ডপয়েন্ট এলাকায় যাওয়ার পথে স্রোতের মুখে পড়ে যমুনা নদীতে ডুবে যায়। ১৬ জন বালুশ্রমিক স্থানীয় লোকজনের সহায়তায় তীরে উঠতে পারলেও বিকেল পাঁচটা পর্যন্ত লিটন ও সোহেলকে খুঁজে পাওয়া যায়নি। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।