যমুনায় ব্যাপক ভাঙন ১০০ ঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা, ঝিনাই এবং সুবর্ণখালী নদীর পানি বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সঙ্গে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় চারটি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে তারাকান্দি-ভুয়াপুর সড়ক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত যমুনা, ঝিনাই ও সুবর্ণখালী নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। ২৪ ঘণ্টায় পিংনা ইউনিয়নের কবুলিবাড়ী, বাশুরিয়া, চর বাশুরিয়া ও রাধানগর গ্রামের শতাধিক ঘরবাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে পড়েছে তারাকান্দি-ভুয়াপুর বেড়িবাঁধ-সড়ক। সড়কটি ভেঙে গেলে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় সার পরিবহন বন্ধ হয়ে যাবে।
পিংনা, আওনা, সাতপোয়া ও কামরাবাদ ইউনিয়নের ৫৩৫ হেক্টর রোপা আমন, ৬০ হেক্টর মরিচ ও ৬০ হেক্টর সবজি পানিতে তলিয়ে গেছে। কবুলিবাড়ি, বালিয়ামেন্দা ও দক্ষিণ নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে।
কবুলিবাড়ি গ্রামের বাবুল মিয়া বলেন, ৫০ বিঘা জমিসহ তাঁদের পাকা বাড়িঘর যমুনায় বিলীন হয়ে গেছে। এখন তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। ভাঙনকবলিত এলাকার লোকজন সহায়-সম্বল হারিয়ে সড়ক, বাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জানান, তাঁর ইউনিয়নের চারটি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারাকান্দি-ভুয়াপুর বেড়িবাঁধ-সড়ক রক্ষা করা না গেলে পিংনাসহ টাঙ্গাইলের অস্তিত্ব থাকবে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনবুল হক জানান, সরকারিভাবে কোনো ত্রাণ না আসায় দুর্গত এলাকার লোকজনকে সাহায্য দেওয়া সম্ভব হয়নি।