যমুনায় ভাঙন, আতঙ্কে মানুষ

সিরাজগঞ্জের সদর ও চৌহালী উপজেলায় যমুনা নদী তীরের ১৩ কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে পাঁচ শতাধিক বসতভিটা এবং বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন নদীতে বিলীন হয়ে গেছে। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চৌহালীতে ভাঙনকবলিত লোকজন বসতঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে।
স্থানীয় লোকজন জানান, নদীতে পানি বাড়ায় ভাঙন শুরু হয়েছে। তাঁরা অভিযোগ করেন, ভাঙন প্রতিরোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যমুনা নদীতে গত এক সপ্তাহ ধরে পানি বাড়ছে। প্রতিদিন ছয়-সাত ইঞ্চি পর্যন্ত পানি বাড়ছে। প্রবল পানির চাপে সদর উপজেলায় যমুনা নদীর পশ্চিম তীরের বালুঘুঘরী, পাটাগ্রাম, বাহুকা এলাকার তিন কিলোমিটারে ভাঙন চলছে। গতকাল শুক্রবার পর্যন্ত অর্ধশতাধিক বসতভিটাসহ অনেক জমি নদীগর্ভে চলে গেছে।
বালুঘুঘরী গ্রামের ইয়াকুব আলী জানান, পানি বাড়ায় ভাঙনও বেড়েছে। আগের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গ্রামের মধ্যে নদী ঢুকে পড়েছে। সম্প্রতি শুরু হওয়া অস্থায়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধের মাটি ভরাটের স্থানে পানি চলে গেছে। রিংবাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে বাঁধের কাজ করা হচ্ছে।
চৌহালী উপজেলার যমুনা নদীর পূর্ব তীরের বাগুটিয়া থেকে চরস লিমাবাদ পর্যন্ত ১০ কিলোমিটারে ভাঙন চলছে। এলাকার বেয়ালকান্দি, চৌদ্দরশি, খাসকাউলিয়া, শাকপাল, খাসপুকুরিয়া, মেটুয়ানী, রেহাই গজারিয়া, পাথরাইলসহ ১৫টি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন এসব এলাকায় তিন থেকে চার ফুট করে নদীগর্ভে বিলীন হচ্ছে। ইতিমধ্যে খাসপুকুরিয়া সরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়, মেটুয়ানীর বিসিএল উচ্চবিদ্যালয়, খাসকাউলিয়া পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাদ্রাসা ও একটি বন্যাশ্রয় কেন্দ্রসহ ১৬টি পাকা আধা পাকা ভবন এবং পাঁচ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।
চৌহালী উপজেলা সদরের শিক্ষক জুয়েল হাসান জানান, হঠাৎ করে পানি বাড়ায় তীব্র স্রোত প্রবাহিত হওয়ায় নদীর পূর্বাংশের গ্রামগুলোর প্রায় অর্ধেক ভেঙে গেছে। ভাঙন অব্যাহত থাকায় লোকজন বসতঘর সরিয়ে নিচ্ছে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ভাঙনের পরিধি এত বেশি, যা চোখে না দেখলে অনুমান করা কঠিন। যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে উপজেলার পূর্বাংশের স্থলভূমি বিলীন হতে বেশি সময় অপেক্ষা করতে হবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ পাউবোর কর্মকর্তাদের জানানো হয়েছে।
পাউবোর সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, বর্তমানে অস্থায়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধের কাজ চলছে। বরাদ্দ না থাকায় ভাঙন এলাকায় কোনো কাজ করা সম্ভব হচ্ছে না।
চৌহালী উপজেলার দায়িত্বরত পাউবোর টাঙ্গাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, আগামী অক্টোবর মাসে ভাঙনকবলিত এলাকার পাঁচ কিলোমিটার অংশে স্থায়ী তীর সংরক্ষণের কাজ শুরু করা হবে। এর জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। তবে ভাঙন রোধে কোনো বরাদ্দ না আসায় কোনো কাজ করা সম্ভব হচ্ছে না।