পানিসম্পদ মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদন
যমুনার গতি পরিবর্তনের কারণেই সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে ভাঙন
যমুনা নদীর গতি পরিবর্তনই সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ভাঙনের কারণ। গতি পরিবর্তনের ফলে নদীর তলদেশে সৃষ্ট অস্বাভাবিক ঘূর্ণাবর্তে বড় গর্ত তৈরি হওয়ায় ভাঙন দেখা দেয়।সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ভাঙনের কারণ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল রোববার পানিসম্পদ মন্ত্রণালয়ে কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের উপস্থিতিতে কমিটি গতকাল মাল্টিমিডিয়ার মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করে। কমিটির প্রধান ইনস্টিটিউট অব ওয়াটার ম্যানেজমেন্টের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন প্রতিবেদনটি উপস্থাপন করেন। একই সঙ্গে করণীয় হিসেবে কতিপয় সুপারিশ করা হয়।এসব সুপারিশের মধ্যে রয়েছে হার্ড পয়েন্টের উজানের অংশে নদীর প্রবাহের গতিপথ পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং শুষ্ক মৌসুমে বাঁধ শক্তিশালী করার কাজ করা। চলতি বর্ষা মৌসুমে বাঁধে ভাঙন রোধে স্বল্পমেয়াদি সুপারিশে বলা হয়েছে, মনিটরিং ব্যবস্থা জোরদার, প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার, নিয়মিত সমীক্ষা পরিচালনা, হার্ড পয়েন্টের অপর পারে ডুবোচরটি ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করে হার্ড পয়েন্টের ওপর পানির চাপ কমানো এবং হার্ড পয়েন্টের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা।কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর পানিসম্পদমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে বলেন, যমুনা হচ্ছে পৃথিবীর অনিশ্চিত আচরণের নদীগুলোর অন্যতম। এই নদী শাসনের জন্য ক্যাপিটেল ড্রেজিংয়ের কোনো বিকল্প নেই। ক্যাপিটেল ড্রেজিংয়ের মাধ্যমে হার্ড পয়েন্ট অঞ্চলকে ভরাট করে সিরাজগঞ্জ শহর রক্ষা করতে হবে। এতে একই সঙ্গে যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ভূমি উদ্ধার করা সম্ভব হবে।এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিশ্বব্যাংকের প্রতিনিধি এস এ এম রফিকুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টের বিএল স্কুলসংলগ্ন স্থানে গত ১৮ জুলাই মধ্যরাতে ১৫০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্থ একটি জায়গা আকস্মিকভাবে নদীতে ভেঙে যায়। এসব ঘটনা তদন্তে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিগুলোকে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কমিটিকে বর্তমান ভাঙনের কারণ এবং স্থায়ী সমাধান সম্পর্কে সুপারিশ করতে বলা হয়েছিল। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্য নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জানান, ‘আমরা শুধু ধস নামার পর প্রতিরোধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাখ্যা দিয়ে প্রতিবেদন দাখিল করেছি। কী কারণে ধস নেমেছে, সে বিষয়টি বিশেষজ্ঞ কমিটি নির্ধারণ করেছে।’ সার্বিক বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক জানান, ধস নামার পর থেকে জরিপ করা হয়েছে। জরিপের প্রতিবেদন অনুযায়ী, হার্ড পয়েন্টের বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে জিওটেক্সে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলা অব্যাহত রয়েছে। বর্তমানে ধস নামার স্থানগুলো নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।