সারোয়ার হোসেনের একার উপার্জনে পরিবারের নয় সদস্যের মুখে ভাত ওঠে। কিন্তু গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে তিনি পরিবারসহ পানিবন্দী। হাতে কাজ নেই, তাই চরম দুর্দিন যাচ্ছে তাঁর।
খাটিয়ামারি মহিষপাড়ার সহায়–সম্বলহীন এ দিনমজুর বললেন, ‘মানষের বাড়িত কামলা দিয়্যা খাই। এক দিন কামলা না জুটলে সংসারের নয় সদস্যের মুখে ভাত জোটে না। অনাহারে থাকতে হয়। হাতত কাম নাই। ঘরত ভাত নাই। ছোট ছোট ছলপল লিয়্যা খুব কষ্টে আচি।’
দিনমজুর জহুরুল ইসলামের দুশ্চিন্তাটা আরও বেশি। দুই মাস ধরে পানিবন্দী থাকায় কেউ কাজের জন্য ডাকে না। ধারদেনা করে এক বেলা ভাত আর এক বেলা শুকনো মুড়ি-মুড়কি খেয়ে কোনোরকমে দিন যাচ্ছে তাঁর। ওদিকে চার বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন। বন্যার পানিতে সব শেষ। এখন কীভাবে জমির মালিকের পাওনা শোধ করবেন, আর কীভাবে পরিবারে চার সদস্যের মুখে ভাত জোটাবেন, তা ভেবে দিশেহারা তিনি।
সারোয়ার ও জহুরুলের মতো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরের দিনমজুর ও শ্রমজীবী সবার একই অবস্থা। বন্যার পানি নেমে গেলেও কষ্ট পিছু ছাড়ছে না তাঁদের। প্রায় দুই মাস ধরে তাঁদের রোজগার নেই। গৃহস্থ, দিনমজুর—সবার ঘরে অভাব। গত শুক্র ও শনিবার উপজেলার কাজলা ইউনিয়নের চর কুড়িপাড়া, বাটির চর, ঘাগুয়ার চর, জামথল চর, পাকুড়িয়ার চর, বেড়া পাঁচবাড়িয়া, টেংরাকুরা কর্নিবাড়ি ইউনিয়নের শোনপঁচার চর, নান্দিনার চর, মূলবাড়ি চর এবং চালুয়াবাড়ি ইউনিয়নের চর খাটিয়ামারি মহিষপাড়া, দলিকা এবং ধারাবর্ষা চর ঘুরে বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলে এমন চিত্র মিলেছে।
খাটিয়ামারি মহিষপাড়ারই আরেক দিনমজুর আবদুস সোবহান বলেন, ‘হাতত কাম নাই। সংসারত ছয়জন সদস্য। খাবার তো লাগবি। দুই মাসে ১০ কেজি চাল ইলিপ (ত্রাণ) পাচি। উপায় না দেকে নদীত মাছ ধরিচ্চি। সারা দিন জাল ফেলে এক দেড় কেজি মাছ ধরি। গঞ্জত লিয়ে বিক্রি করে চাল ডাল কিনি।’
সরকারি হিসাবে, সারিয়াকান্দিতে বন্যাদুর্গত পরিবারের সংখ্যা ৮ হাজার ৭৮৯। এর মধ্যে গত সোমবার পর্যন্ত ২ হাজার ৩৯৮টি পরিবার বাঁধে এবং ১ হাজার ৫৪৫ পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ছিল। এর বিপরীতে সরকার ৪২০ মেট্রিক টন চাল, ৮ লাখ টাকার শুকনো খাবার, আরও ৮ হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার (৯ পদের), ৪০০ বান্ডিল ঢেউটিন ও ১২ লাখ টাকা গৃহ নির্মাণ মঞ্জুরি সহায়তা দিয়েছে। এ তথ্য জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বললেন, ‘জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা নিয়ে আমরা নিজেরা গিয়ে ত্রাণ বিতরণ করেছি। ফলে ত্রাণ পায়নি, এমন পরিবার থাকার কথা নয়। এরপরও কেউ ত্রাণ না পেয়ে থাকলে খোঁজ নিয়ে তাঁদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।’
শিশু ও গোখাদ্যের চরম সংকট
বন্যাদুর্গত এলাকাগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিশু ও গোখাদ্য নিয়ে। বড়রা খেয়ে না–খেয়ে দিন কাটালেও শিশু এবং গবাদিপশুর খাদ্যসংকটে বিপাকে পড়েছে চরবাসী।
ঘাগুয়ার চরে গিয়ে দেখা যায়, সেখানে নারীদের কোলে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শতাধিক শিশু আছে। পারুল বেগম নামের এক নারী বললেন, তাঁর স্বামী আফসার আলী পেশায় দিনমজুর। বন্যার কারণে দুই মাস ধরে কাজ নেই। চার ছেলেমেয়ে নিয়ে এত দিন বাঁধে ছিলেন। পানি নেমে যাওয়ায় বাড়ি ফিরেছেন। এই দুই মাসে এক ছটাক চালও কেউ সাহায্য করেনি।
কৃষক কবির মোল্লা বলেন, ‘এই চরে কয়েক হাজার গরু-ঘোড়াসহ গবাদিপশু আছে। খড় নাই। দুই মাস বানের পানির নিচে থাকায় চরের মাঠে ওষুধ করবারও ঘাস মিলবি না। লতা-পাতা সব পচে শ্যাষ। সরকার মানুষের জন্যি ইলিপ দিচ্চে। গরু-ঘোড়া বাঁচামো ক্যামনে।’