যমুনার চরে মরিচখেতে পাটবীজ উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার যমুনা নদীর চরাঞ্চলের চাষিরা পাটবীজ উৎপাদন করছেন। পাটবীজের জন্য আর যেন ব্যবসায়ীদের কাছে যেতে না হয়, সে জন্য তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। প্রতিটি চরে মরিচখেতের চারধারে ও আলাদাভাবে প্লট আকারে বীজের জন্য পাট বপন করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি যমুনা নদীর চরে রয়েছে। মরিচ চাষ করে চাষিরা ভালো দাম পেয়েছেন। তাঁরা দ্বিতীয় ফসল হিসেবে প্রচুর পাট চাষ করেন। কিন্তু সময়মতো ভালো মানের পাটবীজের জন্য তাঁদের ঘুরতে হয়। এ জন্য তাঁরা নিজেরাই ভালো জাতের পাটবীজ উৎপাদন শুরু করেছেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষকপর্যায়ে বীজ উৎপাদনের জন্য ৬০টি প্রদর্শনী প্লট রয়েছে। একেকটি প্লটে ২০ শতক করে ১২ একর পাটবীজ চাষের জমি রয়েছে। মরিচের জমির চারপাশে পাটবীজ উৎপাদিত জমি রয়েছে চার একর। ওই জমি থেকে চার-পাঁচ শ কেজি বীজ পাওয়া যাবে। উৎপাদিত বীজ দিয়ে আগামী মৌসুমে ৩০০ হেক্টর জমিতে পাট চাষ করা যাবে। অসময়ে জমিতে পাট বপন করায় গাছ ছোট হয় এবং প্রচুর ফুল আসে। শুধু বীজ উৎপাদনের জন্যই অসময়ে পাট চাষ করা হয়ে থাকে। এখন পাটগাছে ফুল আসা শুরু হয়েছে। ফুল থেকে পরিপক্ব বীজে পরিণত হতে এক-দেড় মাস লাগবে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে জমি থেকে বীজসহ পাটগাছ কেটে রোদে শুকিয়ে বীজ সংগ্রহ করতে হয়।অনেকে নিজের চাহিদা পূরণ করে অতিরিক্ত পাটবীজ বাজারে বিক্রিও করেন। বাজারে যে পাটবীজ পাওয়া যায়, তার চেয়ে কৃষক পর্যায়ে উৎপাদিত পাটবীজ গুণে ও মানে ভালো বলে কৃষকদের দাবি। নান্দিনা চরের কৃষক আনিছুর রহমান ফকির বলেন, বীজ উৎপাদনের জন্য ১৫ শতক জমিতে তিনি পাট চাষ করেছেন। ৬০ কেজি বীজ ৪০ বিঘা জমিতে চাষ করা যাবে। অনেক কৃষক মরিচখেতের চারপাশে পাট বপন করে বীজ উৎপাদন করছেন।