যমুনার চরের বন্যাদুর্গত শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর এলাকার বন্যাদুর্গত ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিশু শিক্ষার্থী শিক্ষা উপকরণ পেয়েছে। যমুনা নদীর দুর্গম চরের শিক্ষার্থীদের সহায়তার জন্য বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দেওয়া টিফিনের অর্থে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ কেনা হয়।
শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। সারিয়াকান্দি থানা চত্বরে সোমবার বিকেলে অনুষ্ঠিত বন্যাদুর্গত শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ও সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
যমুনা নদীর দুর্গম চরের বন্যাদুর্গত যে ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়েছে, সেগুলো হলো চর বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়ূরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম বলেন, বন্যাদুর্গত শিক্ষার্থীদের সহায়তার জন্য টিফিনের টাকা বাঁচিয়ে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বেশ কিছু অর্থ জমা দেন। শিক্ষার্থীদের এ প্রশংসনীয় উদ্যোগে উৎসাহ দিতে শিক্ষক-কর্মচারীরাও তাঁদের বেতনের একটি অংশ বন্যাদুর্গত শিক্ষার্থীদের সহায়তার জন্য দান করেন। এসব অর্থ দিয়ে ৩০০ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ কেনা হয়। উপকরণের মধ্যে রয়েছে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে স্কুলব্যাগ, পাঁচ দিস্তা কাগজের খাতা, পাঁচটি করে কলম, দুটি করে পেনসিল, একটি স্কেল ও দুটি করে ইরেজার।