যমুনার চরের ১৬৪টি সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের সহযোগিতায় যমুনার জামথলচরের রাস্তার দুই পাশের ১৬৪টি বিভিন্ন জাতের গাছ প্রভাবশালী লোকজন কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গাছ কাটার জন্য রফিকুল ইসলামসহ ২৭ জনকে অভিযুক্ত করেছে তদন্ত কমিটি। পাশাপাশি চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জামথল থেকে মাদারগঞ্জ সীমানার চাঁদপুর ঘাট পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। সড়কটি নির্মাণের সময় এর দুই পাশের গাছ কাটা পড়বে জেনে কাজলা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলামের সহযোগিতায় প্রভাবশালী লোকজন গত ১৩ সেপ্টেম্বর মেহগনি, কড়ই, শিশুসহ বিভিন্ন জাতের ১৬৪টি গাছ কেটে ফেলেন। গাছ রক্ষাকারী সুবিধাভোগী নারীরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। এরপর ইউএনও উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মণ্ডলকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ২৩ সেপ্টেম্বর সরেজমিনে দেখতে পায়, রাস্তার দুই পাশের ৭২টি গাছ গোড়াসহ তুলে নেওয়া হয়েছে। ৪২টি গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে। দাঁড়িয়ে ছিল মাত্র ২৮টি গাছ। এসব গাছ কাটার বিষয়ে তদন্ত কমিটির কাছে কাজলা ইউপি চেয়ারম্যানের ভাই নজরুল ইসলাম জানান, চেয়ারম্যানই এসব গাছ কাটতে বলেছেন।
পরে তদন্ত কমিটি দাঁড়িয়ে থাকা ২৮টি গাছ এবং কেটে ফেলে রাখা ৪২টি গাছ হেফাজতে রাখার জন্য স্থানীয় ইউপি সদস্য ওয়াজেদ হোসেনকে দায়িত্ব দেয়। পরের দিন ২৪ সেপ্টেম্বর প্রভাবশালী ব্যক্তিরা সব গাছ কেটে নিয়ে যান।
এসব গাছ কাটার জন্য কাজলা ইউপির চেয়ারম্যান এবং উজ্জ্বল তালুকদার, ছম তালুকদার, মোতাহার, সোবাহানসহ ২৭ জনকে দায়ী করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত কমিটি। অভিযুক্ত ব্যক্তিদের তিনজন বাদে বাকি সবার বাড়ি পাশের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।
কাজলা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তিনি কাউকে গাছ কাটতে বলেননি। মাদারগঞ্জের লোকজন এই গাছগুলো কেটে নিয়ে যায়।
ইউএনও জিল্লুর রহমান বলেন, চেয়ারম্যানের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায়তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হচ্ছে।