যমুনার চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং কর্মকর্তা-কর্মচারীদের জীবন ও সম্মানহানির আশঙ্কা করে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এবং এই গ্রুপের পত্রিকা যুগান্তর-এর সাংবাদিক হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বুধবার এনবিআরের পক্ষে রমনা মডেল থানায় এ জিডি করেন দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন) এ এইচ এম আবদুল করিম। জিডি নং-৬২৪।
এর আগে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ বোর্ড সভায় এ জিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জিডিতে যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের রাজস্ব অনিয়মের চিত্র তুলে ধরা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ২৯ অক্টোবর ও ১, ১৮, ২৪ ও ৩০ নভেম্বর এবং ৭ ও ৯ ডিসেম্বর যুগান্তর পত্রিকায় এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে অমার্জিত ও শিষ্টাচারবিবর্জিত ভাষায় সম্পূর্ণ কাল্পনিক ও প্রতিহিংসামূলক সাতটি প্রতিবেদন প্রকাশ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে সত্যকে বিকৃত করে তা প্রকাশ করা হয়েছে। এ ধরনের মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং এনবিআর ও এর চেয়ারম্যানকে হেয় করার হীন উদ্দেশ্য নিহিত আছে। এ অবস্থায় ওই পত্রিকার এ ধরনের অপতৎপরতা বন্ধ করার জন্য উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিকভাবে জিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
যুগান্তর-এর প্রতিবেদন প্রকাশ সম্পর্কে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটাকে কর্মকর্তা-কর্মচারীরা সরকারের বিরুদ্ধে একটা সুদূরপ্রসারী অশুভ চক্রান্ত ও কায়েমি স্বার্থ হাসিলের দুরভিসন্ধি হিসেবে দেখছেন। এ ধরনের কাজ এনবিআরের চেয়ারম্যান তাঁর পরিবারের সদস্যদের এবং এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জীবন ও সম্মানহানির আশঙ্কা করছেন।
যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৫৮ কোটি টাকার মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জারা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমকাবা লিমিটেড, হংকং গার্মেন্টস লিমিটেড এবং যমুনা টেলিভিশনের বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের ওপর আক্রমণ হলে তা দেশের ওপর আক্রমণের শামিল। এনবিআরের আহরিত রাজস্ব দিয়ে সম্পূর্ণ রাষ্ট্র চলে।
রাতে এ বিষয়ে যোগাযোগ করা হলে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জিডিতে যেসব কোম্পানির নাম উল্লেখ রয়েছে, সেগুলো আমার নয়। চ্যালেঞ্জ করছি, যুগান্তর-এ প্রকাশিত প্রতিবেদনগুলোতে দেওয়া কোনো তথ্য মিথ্যা হলে আমাকে যে শাস্তি দেওয়া হবে, তাই মাথা পেতে নেব।’
যমুনা গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আরও বলা হয়েছে, জিডিতে উল্লেখ করা জারা এক্সেসরিজ, এমকাবা লিমিটেড ও হংকং গার্মেন্টস-এর সঙ্গে যমুনা গ্রুপের কোনো সম্পর্ক নেই। এনবিআর ভুল বুঝে এ ধরনের জিডি করেছে।