যমুনার ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
চট্টগ্রামে যমুনা অয়েলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শ্রমিক নাজিমউদ্দীন (৪০) গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হলো।
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ১১ নম্বর ট্যাংকে অটোগেজিংয়ের কাজ করার জন্য জ্বালানি তেল সরানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এঁদের মধ্যে দগ্ধ শ্রমিক শামসুল আলম গত বুধবার মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, নাজিমউদ্দীনের শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছিল। সেই অবস্থায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।