যমুনার তীর সংরক্ষণ এলাকা থেকে মাটি কাটায় ঝুঁকিতে বাঁধ
বগুড়ার ধুনটে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে বর্ষার সময় ভাঙনের কবলে পড়ে নির্মাণাধীন তীর সংরক্ষণ প্রকল্প ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। প্রতিবছর নদীভাঙনের কারণে হাজার হাজার একর আবাদি জমি ও শত শত পরিবারের বাড়িঘর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে। এ কারণে ভান্ডারবাড়ী গ্রামের কাছে যমুনার ভাঙন ঠেকাতে ২ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করছে বগুড়া পাউবো। এ অবস্থায় ভান্ডারবাড়ী গ্রামের বালু ও মাটি ব্যবসায়ী এনামুল হক সরকার প্রকল্প এলাকার চরের জমি নিজের বলে দাবি করে সেখান থেকে মাটি কেটে বিক্রি করছেন। এতে বর্ষার সময় পানির প্রবল স্রোতে তীর সংরক্ষণ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়ে যমুনায় বিলীন হতে পারে বলে শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
গত ২৫ ফেব্রুয়ারি সকালে সরেজমিনে দেখা যায়, এনামুল হক প্রকল্প এলাকার জমি নিজের বলে দাবি করে প্রায় এক সপ্তাহ ধরে অবাধে মাটি কেটে ট্রাকযোগে নিয়ে যাচ্ছেন। এতে প্রকল্প এলাকায় তৈরি হচ্ছে বড় বড় গর্ত। এভাবে মাটি কাটায় আগামী বর্ষা মৌসুমে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও তীর সংরক্ষণ প্রকল্প নদীর ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে স্থানীয় লোকজন শঙ্কিত হয়ে পড়েছে।
ভান্ডারবাড়ী গ্রামের নিজামুল হক, জাহাঙ্গীর আলমসহ ১০-১২ জন বাসিন্দা অভিযোগ করেন, এখন শুষ্ক মৌসুম। চর থেকে এভাবে গর্ত করে মাটি কাটায় কতটা ক্ষতি হচ্ছে, তা এখন তেমন একটা বোঝা যাবে না। তবে বর্ষা মৌসুমে এই চর পানিতে তলিয়ে যাবে। নদীতে প্রবল বেগে স্রোত বইবে। তখন মাটি কেটে নেওয়ায় তৈরি হওয়া এই গর্তে পানির ঘূর্ণাবর্ত তৈরি হয়ে তীর সংরক্ষণ প্রকল্প ভেঙে নদীতে বিলীন হবে। এই তীর সংরক্ষণ প্রকল্প রক্ষা না হলে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের আশঙ্কা রয়েছে। তখন বাঁধ রক্ষায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ডান তীর সংরক্ষণ প্রকল্প কোনো কাজে আসবে না।
এ বিষয়ে অভিযুক্ত মাটি ব্যবসায়ী এনামুল হক সরকার বলেন, ‘প্রকল্প এলাকার চরের জমিটি আমার। আমার জমি থেকে আমি মাটি কেটে বিক্রি করছি। প্রশাসনের বাধা দেওয়ার কিছু নেই। তা ছাড়া আমি যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে সব হারিয়ে নিঃস্ব হয়েছি। উপার্জনের কোনো পথ নেই। তাই জীবিকার তাগিদে মাটি কেটে বিক্রি করছি। এতে নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প কিংবা বন্যানিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হবে না।’
বগুড়া পাউবোর সহকারী প্রকৌশলী হারুনর রশিদ বলেন, যমুনার চর থেকে এভাবে মাটি কেটে নিলে অবশ্যই তীর সংরক্ষণ প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে। তাই ওই ব্যবসায়ীকে প্রকল্প এলাকার চর থেকে মাটি কেটে নিতে নিষেধ করা হয়েছে। এরপরও তিনি নিষেধ উপেক্ষা করে মাটি কেটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।