যমুনার তীর সংরক্ষণের ৩০০ মিটারবিলীন
যমুনা নদীর পানি বাড়ায় বগুড়ার ধুনট উপজেলায় তীর সংরক্ষণ প্রকল্পে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে প্রকল্পের ৩০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেওয়ায় হুমকির মুখে পড়েছে বন্যানিয়ন্ত্রণ বাঁধ।
পাউবোর বগুড়া কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ী থেকে পুকুরিয়া গ্রাম পর্যন্ত প্রায় সাত কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। প্রতিবছর দফায় দফায় নদীভাঙনের কারণে বাঁধটি হুমকির মুখে পড়ায় ২০০৯ সালে শহড়াবাড়ী থেকে পুকুরিয়া গ্রাম পর্যন্ত দুই কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করা হয়। এ প্রকল্পের আওতায় নদীর তীরের মাটি কেটে শ্লপ করা হয়। তার ওপর জিও টেক্স বিছিয়ে এবং বালুভর্তি জিও ব্যাগ ও বোল্ডার ফেলে প্রকল্পের কাজ করা হয়।
কিন্তু কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বাড়ায় ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিমের বাড়ির কাছে তীর সংরক্ষণ প্রকল্পের বিভিন্ন স্থানের জিও ব্যাগ ও বোল্ডার ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। গত রোববার রাতে ওই প্রকল্পের একটি স্থানে প্রায় ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে গেছে।
পাউবো বগুড়ার উপ-নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে। অর্থ বরাদ্দ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।