যমুনার তীরে ঘুড়ি উৎসবে জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলিকপ্টারটিকে ১০ থেকে ১২ জন যুবক হাত দিয়ে উঁচু করলেন। এরপর সেটি উড়তে গিয়ে মাটিতে পড়ে গেল। আবারও তাঁরা এটিকে উঁচু করে ধরলেন। এবার উড়াল দিল হেলিকপ্টারটি। উড়ছে তো উড়ছেই। সেই দৃশ্য প্রাণভরে উপভোগ করছে হাজারো দর্শক। দৃশ্যটি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচার যমুনা নদীর তীরের।
তবে এটি সত্যিকারের হেলিকপ্টার নয়, হেলিকপ্টারের আদলে তৈরি ঘুড়ি। বাঙালির ঐতিহ্য পয়লা বৈশাখের আনন্দটা আরও বাড়িয়ে তুলতে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শতদল’ এ ঘুড়ি উৎসবের আয়োজন করে। শুধু হেলিকপ্টারই নয়, বিমান, উড়োজাহাজ, সাপ, চিল, ময়ূর, ডোল, ফুল, ময়ূরসহ রংবেরঙের বাহারি ঘুড়ির দৌড়ঝাঁপ মনভরে উপভোগ করে দর্শকেরা।
আয়োজকেরা বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে সাত বছর ধরে শিবালয়ের যমুনার তীরে ঘুড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় এ উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর, ভাইস চেয়ারম্যান আলী আহসান, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক এ এফ এম সাফাত আমান ও শতদলের সদস্য শোভন সাহা প্রমুখ। জেলার প্রত্যন্ত অঞ্চলের কিশোর-তরুণ থেকে শুরু করে শিশু ও বৃদ্ধরাও ঘুড়ি নিয়ে আসেন উৎসবে।
বিকেলে দেখা যায়, চিল ঘুড়ি ওড়াচ্ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র আরিফুল হক। কিছুক্ষণ ওড়ার পর তাঁর ঘুড়ির সঙ্গে অপর একটি সাপ ঘুড়ির সুতা কাটাকাটি হয়। পরে ‘চিলের’ কাছে পরাজয় হয় ‘সাপের’।
উৎসবে বিভিন্ন বিভাগে সেরা ৩৬ জন ঘুড়িয়ালকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রঙিন টেলিভিশন পান দৌলতপুর উপজেলার খলসি গ্রামের লোকমান হোসেন।
শতদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আনন্দের কোনো সীমারেখা নেই। বাঙালির ঐতিহ্য পয়লা বৈশাখের আনন্দটা আরও রঙিন করতেই এ আয়োজন।’