হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বারুনী স্নান উপলক্ষে গতকাল শুক্রবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে হাজারো মানুষের ঢল নামে।
যথাযথ ধর্মীয় অনুভূতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুণ্যার্থীরা তাঁদের এই ধর্মীয় উৎসব পালন করেন।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতি ও পূজা উদ্যাপন কমিটি যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। এই উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও আরিচায় যমুনার তীরে তিন দিনব্যাপী মেলা বসেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে রোববার পর্যন্ত। ঐতিহ্যবাহী এ মেলায় চিত্তবিনোদনের জন্য সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা ও বাইস্কোপসহ নানা আয়োজন রয়েছে। মেলায় মিষ্টি, বিন্নি, খই ও বাতাসাসহ নানা ধরনের খাদ্যসামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা।
এ ছাড়া খেলনা, প্রসাধনী, কাঠ, বেত, মাটি, লোহার তৈরি ক্ষুদ্র শিল্পের ব্যবহার্য নানা সামগ্রীর দোকান রয়েছে।
শিবালয় পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুদেব ঘোষ প্রথম আলোকে বলেন, প্রায় ২০০ বছর ধরে আরিচায় যমুনার তীরে এ উৎসব হয়ে আসছে। এ হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও মেলাকে ঘিরে হিন্দু-মুসলমানদের মিলন মেলায় পরিণত হয়।