যমুনার পরীক্ষামূলক খননে অপচয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গত মঙ্গলবার দুপুরে ৪৬০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে বাস্তবায়নাধীন যমুনা নদীর খননকাজ পরিদর্শন করেন। বারবার পরীক্ষামূলকভাবে নদী খনন করায় সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি মন্ত্রীর কাছে অভিযোগ করেছে।সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় মন্ত্রী সাংবাদিকদের জানান, ক্যাপিটাল পাইলট প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে খননকাজ করা হচ্ছে। ক্যাপিটাল ড্রেজিং এখনো শুরু হয়নি। দুই বছর মেয়াদি পাইলট প্রকল্পের আওতায় পরীক্ষামূলক নদী খনন করা হচ্ছে। এ কাজের অভিজ্ঞতা নিয়ে পরবর্তী সময়ে নদীর খননকাজ করা হবে।এ সময় সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে মন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয়। কমিটির আহ্বায়ক জহুরুল হক মন্ত্রীকে বলেন, ‘ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় নদী খনন করে সেই মাটি নদীর চরে ফেলা হচ্ছে। নদীর তীর সংরক্ষণের কোনো কাজ করা হচ্ছে না। বারবার নকশা পরিবর্তন ও অপরিকল্পিতভাবে পরীক্ষামূলক কাজ করায় সরকারের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান লাভবান হচ্ছে। আমরা পরিকল্পিত নদীর খনন চাই।’সম্প্রতি বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে এক সভায় এ প্রকল্পের পরিচালক জ্যোতি দাস কুণ্ডু সিরাজগঞ্জে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় যমুনা নদীর খনন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বক্তব্য দেন। প্রতিকূলতার কথা চিন্তা করে কয়েকবার প্রকল্পের নকশা পরিবর্তন করার কথাও সভায় উল্লেখ করা হয়।সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের আড়াই কিলোমিটার উত্তর-পূর্ব দিক থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার এবং সেতুর দক্ষিণে ছয় কিলোমিটার নদী খনন করা হবে। এ প্রকল্পের অধীনে প্রথমে পরীক্ষামূলকভাবে ৪৬০ কোটি টাকা ব্যয়ে নদীর মাঝখানের তলদেশে ১২০ মিটার চওড়া ও আট মিটার গভীর করে খননের কাজ গত ২৮ ডিসেম্বর শুরু হয়েছে।