যমুনার পানি বিপৎসীমার ওপরে, বন্যার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অব্যাহত পানি বৃদ্ধিতে জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নের নিম্নাঞ্চলসহ হাট-বাজার, রাস্তাঘাট, ফসলি জমি নতুন করে প্লাবিত হয়েছে। এসব এলাকার এক লাখ ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে কিছু বাড়িঘরে পানি উঠেছে। এসব লোক বাঁধের ওপরে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে ১৭২ মেট্রিক টন চাল, সাড়ে চার লাখ নগদ টাকা বিতরণ করা হয়েছে। সরকারিভাবে কাজীপুরে সাতটি বন্যাশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম প্রথম আলোকে বলেন, পানি বাড়ার গতি কমে গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে পানি কমতে শুরু করবে বলে তিনি আশাবাদী।

এদিকে, গতকাল রোববার বিকেলে উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের মোমেনা খাতুন (৫৫) বাড়ির পাশের গজারিয়া নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে নিখোঁজ হন। আজ সকালে তাঁর লাশ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পূর্ণিমাগাতী সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়।