জামালপুরে যমুনা নদীর পানি গতকাল শুক্রবার বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ায় গত দুই দিনে জেলার দেওয়ানগঞ্জ পৌর এলাকা ও ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলি, নোয়ারপাড়া, পাথর্শী ও সাপধরী—এই ছয়টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। যমুনার পূর্বপাড়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত আটটি স্থান ভেঙে গেছে। ফলে যমুনার পানি হু হু করে ঢুকছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকায় অন্ততপক্ষে ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যার পানিতে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া উচ্চবিদ্যালয় ও উলিয়া বাজার এলাকা পানিতে তলিয়ে গেছে। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তি পাথর্শী ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।ওই বাঁধ কেটে দেওয়ায় বৃহস্পতিবার রাতে পাথর্শী, মুজাআটা, ধনতলা ও জারুলতলা গ্রামের বহু ঘরবাড়িতে পানি উঠেছে। বন্যার পানিতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং আশপাশের এলাকা প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানির তোড়ে দেওয়ানগঞ্জের বেলতৈল-মলমগঞ্জ রাস্তার মোল্লাপাড়া এলাকায় রাস্তার ওপর দিয়ে পানি বইছে। এতে করে জিলবাংলা চিনিকল এবং আশপাশের এলাকা হুমকির মুখে পড়েছে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন আকন্দ প্রথম আলোকে জানান, ইসলামপুরের ছয়টি ইউনিয়নে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।জেলা প্রশাসন থেকে বন্যাদুর্গতদের জন্য ৬২ হাজার টাকা এবং ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।