যমুনার বালু যাচ্ছে মালদ্বীপ ও সিঙ্গাপুরে
যমুনার বালু মালদ্বীপ ও সিঙ্গাপুরে রপ্তানি করা হবে। এ দুই দেশে রপ্তানির জন্য উত্তোলিত বালু প্রতি ঘনফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক টাকা। ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ সোমবার জাতীয় বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বাসস।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেছবাহ উল আলম, পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেডের চেয়ারম্যান এমএ মান্নান উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, নৌ যান চলাচল প্রবাহ উপযোগী ঠিক রেখে এবং নদীর নাব্যতা যথাযথ রেখে যমুনা নদীর প্রস্তাবিত স্থান থেকে প্রাথমিকভাবে পরীক্ষামূলক আপাতত ছয় মাসের জন্য বালু উত্তোলন করা যাবে। তবে কোনোভাবে পরিবেশের বিরূপতা পরিলক্ষিত হলে তা বন্ধ রাখতে হবে। মন্ত্রী জাতীয় স্বার্থে সময় দীর্ঘায়িত না করে যমুনা নদীর প্রস্তাবিত স্থানে নদী ড্রেজিং ও ড্রেজিংকৃত সাধারণ বালু প্রতি ঘনফুট বিদেশে এক টাকায় রপ্তানিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তৎপর থাকার পরামর্শ দিয়েছেন।
ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেড নিজ খরচে প্রাথমিকভাবে দুই বছরের জন্য যমুনা নদী ড্রেজিং এবং ড্রেজিংকৃত বালু সিঙ্গাপুর ও মালদ্বীপে রপ্তানিকরণ বিষয়ে পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করে। এরই প্রেক্ষিতে গত বছরের ১৮ অক্টোবর পানি সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় যৌথভাবে পরীক্ষামূলকভাবে বালু উত্তোলন ও ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেড দ্বারা বিদেশে বালু রপ্তানির বিষয়টি জাতীয় বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়।