যমুনার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনার পূর্ব পাড়ের অব্যাহত ভাঙন থেকে জনবসতি ও আবাদি জমি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নবাসী। স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজন কুলকান্দি বাজারসংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করে যমুনার পূর্ব পাড়ে বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিনা আলম, সাবেক ইউপি চেয়ারম্যান জুবায়দুর রহমান, ক্ষতিগ্রস্ত বাসিন্দা আসলাম খান, রুহুল আমিন, মাহমুদুর রহমান, শামছুন নাহার প্রমুখ। বক্তারা বলেন, যমুনার ভাঙনে ইসলামপুর উপজেলার এ ইউনিয়নের ২৮ বর্গকিলোমিটার আয়তনের মধ্যে ২১ বর্গকিলোমিটার এলাকার সরকারি-বেসরকারি স্থাপনা, স্থানীয় জনগণের বসতভিটা ও আবাদি জমিজমা সম্পূর্ণরূপে যমুনাগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে মাত্র একটি মৌজার তিন ভাগের এক ভাগ জনবসতি এলাকা রয়েছে। আগামী বর্ষার আগে যমুনার পূর্ব পাড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা না হলে এ ইউনিয়ন জেলার মানচিত্র থেকে সম্পূর্ণরূপে যমুনাগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।