যমুনার ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাবে চরপেঁচাকোলা গ্রাম?

পাবনার বেড়া উপজেলার চরপেঁচাকোলা গ্রামের শতাধিক পরিবারের বসতভিটাসহ অন্তত দেড় হাজার বিঘা জমি গত ১৫ থেকে ২০ দিনে যমুনায় বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপেঁচাকোলা মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, কবরস্থানসহ গোটা গ্রামটিই নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসী।
এলাকাবাসী জানান, বছর ছয়েক আগে চরপেঁচাকোলা গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছিল। ওই সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনসহ গ্রামের প্রায় অর্ধেকটাই বিলীন হয়ে যায়। সে সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেশ কিছু বালুর বস্তা যমুনা নদীতে ফেলায় ভাঙন অনেকটাই বন্ধ হয়ে যায়। কিন্তু তার পর থেকে পাউবো স্থায়ীভাবে ভাঙন রোধের জন্য আর কোনো পদক্ষেপ নেয়নি। এ ছাড়া গ্রামের পার্শ্ববর্তী যমুনা নদী থেকে কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। মাসখানেক আগে গ্রামে আবারও নদীভাঙন দেখা দেয়। ১৫ থেকে ২০ দিন ধরে এই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এই সময়ের মধ্যে শতাধিক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। পরিবারের লোকজন অন্যের বাড়িতে, স্থানীয় স্কুলে অথবা বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
গত শুক্রবার গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙনের সম্মুখে থাকা বাড়িগুলো থেকে ঘর ও গৃহস্থালি জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে। ফাঁকা পড়ে থাকা বাড়িগুলো একে একে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনস্থলের ৫০ গজের মধ্যেই রয়েছে চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুদৃশ্য ভবন। এ ছাড়া রয়েছে চরপেঁচাকোলা মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, কবরস্থান, পাউবোর বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। ভাঙন অব্যাহত থাকায় এসব স্থাপনা মাত্র কয়েক দিনের মধ্যেই যমুনায় বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামবাসীর দাবি, পাউবো যদি এখনো ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তবে স্থাপনাগুলোসহ গ্রামের ৩০০ পরিবার বেঁচে যাবে।
গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর মোল্লা বলেন, ‘ভাঙন রোধের জন্য আমরা স্থানীয় এমপি, ইউএনওর কাছে গিয়েছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না।’
গ্রামের গোলাম মোস্তফা, মোহাম্মদ আলীসহ চার-পাঁচজন জানান, আগের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি বিলীন হওয়ার পর গ্রামের অন্য জায়গায় নতুন আরেকটি স্কুলভবন করা হয়েছে। কিন্তু এবার এই স্কুলটি বিলীন হয়ে গেলে গ্রামে স্কুল করার মতো কোনো জায়গাই আর থাকবে না। তাঁরা আরও জানান, গ্রামে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ-সংযোগ পাওয়ার পর গ্রামবাসী কয়েক দিন ধরে উৎসব করেছিলেন। কিন্তু এখন নদীভাঙনে গোটা গ্রামটিই নিশ্চিহ্ন হতে বসেছে।
পাউবো সিরাজগঞ্জের পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, ওই এলাকার ভাঙন পরিস্থিতি সম্পর্কে জানতে যত দ্রুত সম্ভব সেখানে একটি দল পাঠানো হবে। দলের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।