যমুনার ভাঙনে বিলীনের পথে নগরবাড়ী ঘাট
যমুনার ভাঙনে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট বিলীন হতে বসেছে। গত দুই সপ্তাহের ভাঙনে ঘাটের রঘুনাথপুরে নগরবাড়ী-প্রতাপপুর সড়ক বিলীন হয়ে গেছে। ঘাট এলাকার ২৫টির বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভাঙনের কারণে নানা অবকাঠামো হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কালক্ষেপণ ও গাফিলতির কারণে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।স্থানীয় ব্যক্তিরা জানান, গত বছরের ডিসেম্বরে নগরবাড়ী ঘাটের পার্শ্ববর্তী এলাকায় ভাঙন শুরু হয়। সে সময় ঘাটের মূল ব্যবসাকেন্দ্র যমুনা থেকে কমপক্ষে আধা কিলোমিটার দূরে ছিল। তখন থেকেই এলাকাবাসী পাউবোর কাছে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। ভাঙন শুরু হওয়ার পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এলাকা পরিদর্শন করে পাউবোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাউবো কর্তৃপক্ষ গত জানুয়ারিতে জরুরি দরপত্র আহ্বান করলেও নানা অজুহাত দেখিয়ে প্রায় চার মাস পর কাজ শুরু করে। সময়মতো কাজ শুরু না করায় প্রচুর অর্থ ব্যয়ের পরেও ভাঙন খুব একটা নিয়ন্ত্রণে আসেনি।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, যমুনার ভাঙন নগরবাড়ী বাজার ছুঁয়ে ফেলেছে। এতে স্বল্প সময়ের মধ্যে ঘাট এলাকার গুদামগুলোর বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের ফলে মালবাহী কার্গো জাহাজগুলোর ভেড়ার জায়গা একেবারেই সংকুচিত হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে জাহাজগুলো ঘাটে ভিড়ছে। ব্যবসায়ীরা জানান, ভেড়ার জায়াগা না পেয়ে বেশ কয়েকটি জাহাজ ফিরে গেছে। আর কয়েক দিন ভাঙন অব্যাহত থাকলে নগরবাড়ী ঘাটে কোনো জাহাজই ভিড়তে পারবে না। নগরবাড়ী-প্রতাপপুর সড়কের কয়েকটি স্থান যমুনায় বিলীন হয়ে যাওয়ায় প্রতাপপুরের সঙ্গে নগরবাড়ীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া নগরবাড়ী ঘাট এলাকার অন্তত ২৫টি পরিবারের ঘরবাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে।নগরবাড়ী ঘাট বণিক সমিতির সভাপতি ও পুরাণভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম রফিকউল্লাহ বলেন, ভাঙনের ফলে নগরবাড়ী ঘাট প্রায় অচল হয়ে গেছে। জাহাজ ভেড়ার মূল স্থানের ব্যাপক অংশ ভাঙনে বিলীন হওয়ায় গত দুই দিনে ভিড়তে না পেরে বেশ কয়েকটি জাহাজ ফিরে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে শিগগিরই ব্যবসাপ্রতিষ্ঠানসহ পুরো নগরবাড়ী ঘাট বিলীন হয়ে যেতে পারে। পাউবোর গাফিলতির কারণে নগরবাড়ী ঘাটের এ অবস্থা দেখা দিয়েছে।পাউবো বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কামরুন নেছা বলেন, ওই এলাকায় যমুনা নদীর গতিপ্রকৃতি হঠাৎ করে পাল্টে যাওয়ায় স্রোত সরাসরি এসে নগরবাড়ী ঘাটে আঘাত করছে। ফলে ভাঙনের তীব্রতা বেড়েছে এবং সেখানে কিছুটা কারিগরি জটিলতা দেখা দিয়েছে। তিনি দাবি করেন, ভাঙন রোধে পাউবো তৎপর ও আন্তরিক।