যমুনার ভাঙনে শতাধিক ঘরবাড়ি বিলীন
যমুনা নদীতে পানি বাড়ায় সিরাজগঞ্জের চার উপজেলায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে ভাঙনে এসব উপজেলার শতাধিক বসতঘর ও অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শাহজাদপুর উপজেলায় গরুর বাথান পানির নিচে চলে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বাড়ায় করতোয়া, ফুলঝোড়, হুড়া সাগর, গোহালা ও বড়াল নদীতেও পানি বেড়েছে। এতে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ১০টি গ্রামে সাত দিন আগে ব্যাপক ভাঙন শুরু হয়। একই সঙ্গে শাহজাদপুর উপজেলার গরুর বাথান তলিয়ে গেছে। জেলার বিভিন্ন এলাকার কাঁচা রাস্তগুলো পানিতে ডুবে গেছে।কাজীপুর সদরের চরজগন্নাথপুর গ্রামে গত শুক্রবার রাতে একটি মসজিদসহ ৫০টি বাড়ি বিলীন হয়ে গেছে। এলাকার তোজাম্মেল হক জানান, গভীর রাতে আকস্মিক যমুনার ভাঙন শুরু হয়। বড় বড় ফাটল ধরে নদীর তীর ধসে পড়তে থাকে। এ ঘটনায় পুরো গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইজবাড়ী গ্রামে ভাঙনে ২৫টি বসতঘর বিলীন হয়ে গেছে।এ ছাড়া সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়ন, শহরসংলগ্ন পুটিয়াবাড়ী মৌজা, ছাতিয়ানতলির ঠাকুরট্যাক, চর মালশাপাড়া ও মোল্লাবাড়ী এলাকায় ভাঙন শুরু হয়েছে।মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খান জানান, নদীতে পানি বাড়ায় শাহজাদপুর উপজেলার সব গরুর বাথান তলিয়ে গেছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জানান, শুধু প্রকল্পভুক্ত কাজীপুর উপজেলার ভাঙন ঠেকানোর জন্য বালুর বস্তা ফেলা হয়েছে। অন্যান্য উপজেলার জন্য কোনো বরাদ্দ না আসেনি। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।