যমুনার ভাঙনে ১২০০ ঘরবাড়ি ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর পূর্বপাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে দুটি ইউনিয়নের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ এক হাজার ২০০ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুটি বাজারসহ অর্ধশতাধিক স্থাপনা নদীভাঙনের হুমকির মুখে পড়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহ ধরে জেলার চৌহালী উপজেলার (টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন) নদীর পূর্ব তীরের বাগুটিয়া ও ওমরপুর ইউনিয়নে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে এ দুটি ইউনিয়নের বাগুটিয়া, চৌবাড়িয়া উত্তর ও দক্ষিণ, হাটাইল উত্তর ও দক্ষিণ, হাঁপানিয়া, পাতরাইল—এই সাতটি ওয়ার্ডের ৯০ শতাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল্লাহ হেল কাফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার চৌবাড়িয়া গ্রামের হানিফ সিকদার জানান, এক সপ্তাহ ধরে এ দুটি ইউনিয়নের বাগুটিয়া থেকে পাতরাইল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের পশ্চিম পাশে এবং নদীর পূর্বপাড়জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই এ এলাকার হাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তকান্দি উচ্চবিদ্যালয়, পাতরাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়, দত্তকান্দি, পাতরাইল, চৌবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো থেকে একটি ইটও খুলে আনা সম্ভব হয়নি। একই সঙ্গে প্রায় এক হাজার ২০০ ঘরবাড়ি এবং কয়েক হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়। বাগুটিয়া-পাতরাইল সড়কের শেষের দিকের ৫০০ মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। এ এলাকা থেকে ৩৫টি বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কয়লা উচ্চবিদ্যালয়, চৌবাড়িয়া বি এম কলেজ, বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌবাড়িয়া এতিমখানাসহ ৪২টি প্রতিষ্ঠান এবং পাতরাইল ও বাগুটিয়া বাজার নদীর তীর থেকে দেড় শ ফুট দূরে অবস্থান করছে। ভাঙন রোধ করতে না পারলে এগুলো যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বাগুটিয়া-পাতরাইল সড়কের ওপর আশ্রয় নেওয়া নিজামউদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য পাইনি। এখন কোথায় যাব কী খাব এ চিন্তায় ভালো লাগে না।’চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিখিল কুমার কুণ্ডু জানান, এালাকা পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সাহায্য পাওয়া যায়নি। টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী জৌতি প্রসাদ ঘোষ বলেন, আকস্মিক পানি বৃদ্ধির কারণে এক সপ্তাহ ধরে ব্যাপক ভাঙন শুরু হয়। দুই দিন ধরে পানি আবার আড়াই ইঞ্চি পরিমাণ কমে যাওয়ায় আবার ভাঙনের তীব্রতা বেড়েছে। বিষয়টি জানানোর পর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গতকাল বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করেছেন।