যমুনার ভাঙনের হুমকির মুখে শিবালয়ের কয়েকটি গ্রাম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বন্দর ও আশপাশের বেশ কয়েকটি গ্রাম যমুনা নদীতে বিলীন হয়ে গেছে৷ প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন শুরু হলে নদীর পাড়ে কিছু বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলা ছাড়া কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)৷
তাই এবার ভাঙন শুরুর আগেই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদীতীরবর্তী এলাকার লোকজন৷ নয়তো এবারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও বসতভিটা যমুনাগর্ভে বিলীন হয়ে যাবে৷
পাউবোর মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জানায়, শিবালয়ে যমুনার ভাঙন রোধে গত বছর চাহিদা দেওয়ার পরও তেমন বরাদ্দ পাওয়া যায়নি৷ মাত্র ছয় লাখ টাকা ব্যয়ে অস্থায়ী ভিত্তিত্তে জাফরগঞ্জে বালুভর্তি বস্তা ফেলা হয়৷ এ বছর জাফরগঞ্জ ও এর আশপাশে ৪০০ মিটার এলাকায় জরুরি প্রতিরক্ষা কাজের জন্য পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আট কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে৷
সম্প্রতি উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ বাজার, গোয়াড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়াড়িয়া কমিউনিটি ক্লিনিক এলাকায় দেখা যায়, নদীতে কিছুটা পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত বইছে৷ জাফরগঞ্জ বাজার ও এর আশপাশে গত বছরের ফেলা বালুর বস্তা বেশির ভাগই দেবে গেছে৷ বেশ কিছু বস্তা নদীতে বিলীন হয়ে গেছে বলে জানালেন স্থানীয় লোকজন৷
স্থানীয় লোকজন জানান, গত পাঁচ বছরে গোয়াড়িয়া ও গোপালপুর গ্রাম প্রায় পুরোটা এবং সাতুরিয়া ও জাফরগঞ্জের অধিকাংশ এলাকা যমুনায় বিলীন হয়েছে৷ একাধিকবার ভাঙনের কবলে পড়েছে জাফরগঞ্জ হাটবাজার, জাফরগঞ্জ উচ্চবিদ্যালয়, গোয়াড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়াড়িয়া কমিউনিটি ক্লিনিক ও কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসা৷ এসব বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনা অন্যত্র স্থানান্তর করা হয়েছে৷ কিন্তু এবারও ভাঙনের হুমকির মধ্যে আছে সেগুলো৷
জাফরগঞ্জ হাটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ভরা বর্ষার মৌসুমে নদীর তীরে শুধু বালুর বস্তা ফেলা হয়৷ ওই সময় নদীতে তীব্র স্রোত থাকায় ভাঙন প্রতিরোধে তেমন কোনো কাজে আসে না৷ গত পাঁচ বছরে এ বাজারের শতাধিক দোকান নদীগর্ভে চলে গেছে৷
তেওতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, জাফরগঞ্জ ও এর আশপাশের গ্রামগুলো সবচেয়ে ভাঙনকবলিত এলাকা৷ এর উজানে বাঘুটিয়া এলাকায় বালুমাটি জমে চর পড়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে৷
মানিকগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে৷ প্রকল্পটি কমিশনে অনুমোদন হওয়ার পর তা একনেকের সভায় পাস হলে স্থায়ী ভিত্তিতে জেলার শিবালয়, সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নদী ভাঙনরোধ স্থায়ীভাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে৷