যমুনার সার কালোবাজারে বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সদর ও কাজীপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে যমুনা সার কারখানার ইউরিয়া কালোবাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সার ডিলাররা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বরাদ্দ না থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে যমুনা সার কারখানার ইউরিয়া অবৈধভাবে বিক্রি হচ্ছে। বেশি দামে হলেও কৃষকেরা খোলাবাজার থেকে এই সার কিনছেন। এদিকে স্থানীয় ডিলাররা বিসিআইসির বরাদ্দ দেওয়া ইউরিয়া প্রতি মাসে গোডাউন থেকে উত্তোলন করছেন। এ সার বিক্রি না হওয়ায় মজুদের পাহাড় গড়ে উঠেছে। এ নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন। কাজীপুর উপজেলার বিসিআইসির সার ডিলার জয়নাল আবেদিন ও বাদশা মিয়া জানান, এই অঞ্চলে যমুনা সার কারখানার সারের ডিও (অনুমতিপত্র) তিন মাস ধরে বন্ধ রয়েছে। চোরাকারবারিরা যমুনা কারখানা থেকে অবৈধভাবে সার এনে কাজীপুর, রতনকান্দি, নাটুয়াপাড়া এলাকায় খোলাবাজারে বিক্রি করছে। ফলে সরকারের আমদানি করা সার উত্তোলন করার পরও তাঁরা তা বিক্রি করতে পারছেন না। প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালক রেজাউল করিম বলেন, ‘চলতি বোরো মৌসুমে উত্তরাঞ্চলের জন্য যমুনা সার কোম্পানির সারের কোনো বরাদ্দ নেই।’এ ব্যাপারে কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ কুমার চন্দ বলেন, ‘বিসিআইসির আমদানি করা ইউরিয়া ও যমুনা কারখানার সারের মধ্যে গুণগত মানের কোনো পার্থক্য নেই। কিছু কৃষক যমুনার সারের বিষয়ে কথাবার্তা বলায় অন্য কৃষকেরা এর প্রতি ঝুঁকে পড়েছেন।’সিরাজগঞ্জ সদরের ইউএনও মোহাম্মদ হোসেন বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি কাজীপুর এলাকার হওয়ায় ওই কর্মকর্তাকে জানানো হয়েছে।’কাজীপুরের ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘যমুনা সার কারখানার অনেক ডিলার সার তুলে বাইরের ডিলারদের কাছে বিক্রি করেন। তাছাড়া কারখানাটি কাছে হওয়ায় কালোবাজারের সারগুলো এই এলাকায় চলে আসছে। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’