যমুনায় আটকা ২৫ পণ্যবাহী জাহাজ
নতুন করে নাব্যতা সংকট দেখা দেওয়ায় পাবনার বেড়া উপজেলার চরসাফুল্যার কাছে যমুনার চরে আটকে আছে বাঘাবাড়ী নৌবন্দর অভিমুখী অন্তত ২৫টি পণ্যবাহী জাহাজ। ছোট ছোট নৌযানে এসব জাহাজের পণ্য আংশিকভাবে খালাসের মাধ্যমে জাহাজগুলোকে বাঘাবাড়ীতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এ জন্য প্রতিটি জাহাজকে চরে আটকে থেকে পণ্য খালাসের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জাহাজের মাস্টার-সুকানিদের সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে বাঘাবাড়ী নৌবন্দর পর্যন্ত অনেক স্থান কয়েক বছর ধরে নৌচলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ১০ ফুট গভীরতার প্রয়োজন হলেও শুষ্ক মৌসুমে এই চ্যানেলের বিভিন্ন অংশে গভীরতা ছয় থেকে সাত ফুটে এসে দাঁড়ায়। অন্য বছরগুলোতে এমন নাব্যতা সংকট নগরবাড়ী থেকে পেঁচাকোলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারে দেখা গেলেও এবার তা বিস্তৃত হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে পেঁচাকোলা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারে।শুষ্ক মৌসুমের শুরুতে এ বছর সবচেয়ে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে পাটুরিয়ার নিকটবর্তী চরশিবালয়, বেড়া উপজেলার নগরবাড়ীর নিকটবর্তী চরসাফুল্যা ও পেঁচাকোলা থেকে মালদাপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে। চরসাফুল্যার কাছে পানির গভীরতা সাত ফুটের নিচে কমে যাওয়ায় পণ্যবাহী জাহাজগুলো এই অংশ পার হতে পারছে না। ফলে এই অংশের চরগুলোতে আটকে আছে অন্তত ২৫টি পণ্যবোঝাই জাহাজ। বাঘাবাড়ী নৌবন্দরের লেবার হ্যান্ডেলিং এজেন্টের পরিচালক শফিকুল আলম বলেন, স্বাভাবিক অবস্থায় এই বন্দরে প্রতিদিন ছয় থেকে সাতটি পণ্যবাহী জাহাজ আসার কথা। কিন্তু নাব্যতা সংকটের কারণে আংশিক পণ্য খালাস সাপেক্ষে দুই-তিনটির বেশি জাহাজ বন্দরে আসতে পারছে না। পণ্য খালাস করে নিয়ে আসার জন্য জাহাজপ্রতি অতিরিক্ত ব্যয় হচ্ছে ৫০-৬০ হাজার টাকা। এ অবস্থায় অনেক আমদানিকারক ও ব্যবসায়ী এ বন্দরের বিকল্প খুঁজে নিয়েছে। এভাবে চলতে থাকলে শিগগিরই এ বন্দরটি বন্ধ হয়ে যাবে।চরসাফুল্যার কাছে আটকে থাকা এমভি মিমনিশার সুকানি দীদার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ৪৪০ টন সার নিয়ে তিন দিন ধরে তাঁরা এই চরে আটকে আছেন। ছোট নৌযানে মাল খালাস করে কবে বাঘাবাড়ীতে যেতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। কারণ মাল খালাসের অপেক্ষায় সাত দিন ধরে আটকে আছে এমন অনেক জাহাজও এখানে রয়েছে। নগরবাড়ীতে নোঙর করে থাকা এমভি মাহবুবের মাস্টার সারোয়ার হোসেন জানান, বাঘাবাড়ী বন্দরে গিয়ে জাহাজের সার খালাস করার কথা থাকলেও ডুবোচরে বাধা পেয়ে ২২ ফেব্রুয়ারি নগরবাড়ী ঘাটে এসে নোঙর করেছেন। চেষ্টা করছেন এখানেই এই সার খালাস করার। বিআইডব্লিটএর ঊর্ধ্বতন উপপরিচালক (সিপিএস) জয়নাল আবেদীন বলেন, দ্বিতীয় শ্রেণীর নৌবন্দরের নিয়ম অনুযায়ী সাত ফুটের বেশি ড্রাফট না নিয়ে জাহাজগুলোকে বাঘাবাড়ীতে আসতে বলা হয়েছে। কিন্তু তারা তা না মেনে বেশি ড্রাফট নিয়ে আসাতেই এমন সমস্যা দেখা দিয়েছে। নৌচ্যানেলে ড্রেজিং প্রসঙ্গে তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা আপাতত ড্রেজিংয়ের প্রয়োজন দেখছেন না। প্রতিদিনই যমুনায় পানি বাড়ছে। ফলে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।তবে জয়নাল আবেদীনের বক্তব্যের বিরোধিতা করে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও এমভি সোনিয়ার চালক মোস্তফা কামাল বলেন, খালি অবস্থাতেই একেকটা জাহাজে প্রায় সাড়ে ছয় ফুট ড্রাফট থাকে। কাজেই তাদের কথামতো চললে তো খালি জাহাজ নিয়েই বন্দরে যাওয়া-আসা করতে হবে।