যমুনায় আরেকটি রেলসেতু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যমুনা নদীতে আরেকটি সেতু করা হবে কেবল রেলের জন্য। বর্তমান সরকার রেলের পুনর্জাগরণ চায়, রেলের গতি চায়। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর শাটল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রেলমন্ত্রী বলেন, উপ-আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ স্থান। এখান দিয়েই নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো রেলকে ধ্বংস করে দিয়েছে। রেলের জায়গা-জমি বিক্রি করে দিয়েছে। তারা রেলের গতি কমিয়ে ১৫ মাইলে নিয়ে আসে। এখন রেলের গতি ৪৫ মাইল। ভবিষ্যতে ৬৫ মাইল গতিবেগে রেল চলবে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে বেলা দেড়টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। পরে মন্ত্রী ফিতা কেটে ও সবুজ পতাকা উড়িয়ে আন্তনগর শাটল ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।