যমুনায় ট্রলারে ডাকাতদের গুলিতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা নদীতে গত শুক্রবার রাতে একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতির চেষ্টাকালে ডাকাতদের গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা জানান, সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী পাক দরবার শরিফে যাওয়ার উদ্দেশ্যে ৮০ জন ভক্ত একটি ট্রলারে করে শেরপুর থেকে রওনা হন। শুক্রবার রাত ১০টার দিকে যমুনা নদীর কালিহাতীর দুর্গাপুর ইউনিয়নের সিংহলীর চর এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত ট্রলারটিতে হানা দেয়। ট্রলারের লোকজন বাধা দিলে ডাকাতেরা গুলি ছোড়ে। এতে রুবেল (২২), রশিদ (৩০) ও লাল মিয়া (৩২) গুলিবিদ্ধ হন। তাঁদের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই রুবেল মারা যান। রুবেলের বাড়ি শেরপুর সদর উপজেলার জঙ্গলদি গ্রামে। তাঁর বাবার নাম জয়নাল আবেদিন।