যমুনায় ট্রলারে ডাকাতি, টাকা ও মালামাল লুট
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে গত শুক্রবার রাতে যাত্রীবেশী ডাকাতেরা একটি ট্রলার থেকে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একজন সদস্য।ডাকাতির শিকার যাত্রী ও শিবালয় থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে পাবনার কাজীরহাটের উদ্দেশে পাবনা ও সিরাজগঞ্জের ১৫ থেকে ২০ জন লোক একটি ইঞ্জিনচালিত ট্রলারে ওঠেন। ঘাট থেকে ছাড়ার প্রায় আধা ঘণ্টা পর যমুনা নদীর শিবালয় থানা এলাকায় ট্রলারে থাকা যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও অন্যান্য মালামাল লুটে নেয়। এ সময় আবদুল গনি নামের এক যাত্রী নিজেকে র্যাব-১১-এর সদস্য পরিচয় দিলে ডাকাতেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নদীতে ফেলে দেয়। বাকিরা ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরাতে থাকেন। এ সময় কয়েকজন সাঁতরে দৌলতদিয়া ঘাটে গিয়ে ওঠেন এবং অন্যদের জেলেরা উদ্ধার করে শিবালয় থানায় নিয়ে যান।এদিকে র্যাব সদস্য গনিকে নদীতে ফেলে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই শিবালয় থানা পুলিশ তাঁকে উদ্ধারে নদীতে অভিযান চালায়। কিন্তু গনি আহত অবস্থায়ই ১০ কিলোমিটার ভাটিতে ভেসে যাওয়ার পর রাত একটার দিকে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর এলাকার লোকজন তাঁকে উদ্ধার করেন।