যমুনা নদীতে ডাকাতদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গরিব জেলেরা। ডাকাতেরা মাছ ধরার নৌকায় হানা দিয়ে জেলেদের মারধর করে নৌকার শ্যালো ইঞ্জিন ও মাছসহ সর্বস্ব লুট করছে৷ ডাকাতদের ভয়ে অনেক জেলে মাছ ধরার জন্য নৌকা নিয়ে নদীতে নামছেন না৷
কয়েকজন জেলে জানান, সারিয়াকান্দির চন্দনবাইশার রোহদহ থেকে গাইবান্ধার ফুলছড়িঘাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকার যমুনায় ডাকাতেরা জেলেদের নৌকায় হানা দিয়ে গত ছয় মাসে কমপক্ষে এক হাজার শ্যালো ইঞ্জিন লুট করে। গরিব জেলেরা টাকার অভাবে এখন আর ইঞ্জিন কিনতে পারছেন না। এ অবস্থায় মাছ ধরার পেশা ছেড়ে দিতে হচ্ছে অনেককে। এভাবে বেকার হয়ে পড়েছেন নদীপাড়ের প্রায় তিন হাজার জেলে। জেলেরা অভিযোগ করেন, ডাকাতির ঘটনা পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না৷ কখনো আবার পুলিশের সামনেই ডাকাতেরা নৌকা থেকে শ্যালো ইঞ্জিন খুলে নিচ্ছে৷ আবার ডাকাতির মামলায় গ্রেপ্তার হলেও দুই-এক দিনের মাথায় ডাকাতেরা জামিনে বের হয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার উপজেলার যমুনাপাড়ের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা বছর জেলেরা যমুনায় শ্যালো ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকা দিয়ে জাল ফেলে মাছ ধরেন। তবে বর্ষার আগে জালে প্রচুর মাছ ধরা পড়ে বলে জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে নদীতে মাছ ধরার উৎসব পড়ে। কিন্তু এবার ডাকাতের ভয়ে নদীতে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। প্রতিদিনই জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটছে। রাতে মাছ ধরার নৌকা নিয়ে মাঝ যমুনায় যাওয়ামাত্র ডাকাতেরা হামলা চালিয়ে শ্যালো ইঞ্জিন খুলে নিয়ে যাচ্ছে। জেলেরা জানান, গত এক মাসে সারিয়াকান্দি থানার কাছ থেকে ঘুঘুমারি গ্রামের আওয়াল খাঁর দুটি নৌকার শ্যালো ইঞ্জিন লুট হয়েছে। চন্দনবাইশা চরের কাছ থেকে লুট হয়েছে লক্ষ্মীখোলা গ্রামের চান মিয়ার দুটি ইঞ্জিন। সপ্তাহ খানেক আগে লক্ষ্মীখোলার জেলে নিজামউদ্দিনের দুটি নৌকা থেকে শ্যালো ইঞ্জিন লুট হয়েছে। লক্ষ্মীখোলা চর থেকে দুধ নিয়ে নদী পারাপারের সময় করিম গোয়ালের একটি নৌকার ইঞ্জিন খুলে নিয়েছে ডাকাতেরা। সপ্তাহ খানেক আগে একই গ্রামের সলেমান আলীর নৌকায় হানা দিয়ে ডাকাতেরা ইঞ্জিন খুলে নিয়ে গেছে। এ ছাড়া ডাকাতদের কবলে পড়ে নৌকা থেকে শ্যালো ইঞ্জিন হারিয়েছেন কুতুবপুরের জেলে খুদি হাওলাদার ও নিতাই হাওলাদার, রোহদহের জেলে মাজেম আলী ও বেলাল উদ্দিন। শুধু গত মে মাসে ডাকাতি হয়েছে শতাধিক নৌকায়।
নৌ-ডাকাতদের উৎপাতে মাছ ধরার পেশা ছেড়ে কুতুবপুর বাঁধে নৌকা বানানোর কাজ করছেন ঘুঘুমারি গ্রামের জেলে নুরুল ইসলাম। তিনি হতাশার সুরে বলেন, ‘ডাকাতদের অত্যাচারে নদীতে নৌকা নামাতে পারছি না। নদীতে জাল ফেললেই ডাকাতেরা নৌকায় হামলা করে। মারধর করে। মার খেয়ে চুপ থাকা ছাড়া উপায় থাকে না। এক মাস হলো বেকার। বেঁচে থাকার জন্য নৌকা বানানোর কাজ করছি।’
কুতুবপুর বাঁধে আশ্রিত জেলে সিরাজুল হক মোল্লা কান্নাজিড়ত কণ্ঠে বলেন, ‘গতর খেটে জাল টেনে নৌকা বানাই। মাছ ধরতে গেলে ডাকাতেরা হানা দিয়ে মারধর করে শ্যালো খুলে নিয়ে যায়।’
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, যমুনার বিশাল জলসীমা৷ বগুড়া ছাড়া যমুনার বেশির ভাগ অংশ পড়েছে গাইবান্ধা ও জামালপুরে৷ জলদস্যুরা কার্যত নদীতে ডাকাতির মতো অপরাধ করে দ্রুত সটকে পড়ে। তাই নিয়মিত টহল দিয়েও সারিয়াকান্দি থানার পক্ষে নৌ-অপরাধ পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। যমুনায় ডাকাতি বন্ধসহ জেলেদের নিরাপত্তা ও জলসীমায় অপরাধ দমনে তিন জেলার সমন্বিত টহল ও যৌথ অভিযান প্রয়োজন৷